ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্র ও মিত্রদের ছাড়া সবার জন্য উন্মুক্ত হরমুজ প্রণালি

২০২৬ মার্চ ১৫ ১৯:৫১:৪৪

যুক্তরাষ্ট্র ও মিত্রদের ছাড়া সবার জন্য উন্মুক্ত হরমুজ প্রণালি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে তীব্র জ্বালানি হাহাকারের মাঝেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নতুন চাল চালল ইরান। বৈশ্বিক তেল ও এলএনজি সরবরাহের প্রধান এই জলপথটি সবার জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের জন্য রেড সিগন্যাল দেখিয়েছে তেহরান। ইরানের এই অনড় অবস্থানের ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রবিবার এক সাক্ষাৎকারে প্রণালিটির বর্তমান অবস্থা পরিষ্কার করেন। সরবরাহ স্বাভাবিক করতে যখন যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে আন্তর্জাতিক সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে, ঠিক তখন তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত। শুধু যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজ ছাড়া।’ আল আরাবিয়াকে দেওয়া এই বক্তব্যে তিনি মূলত ওয়াশিংটনের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে আরাগচি কিছুটা নমনীয় সুর দিলেও পরিস্থিতির কোনো উন্নতি দেখছেন না। তিনি বলেন, যুদ্ধের ন্যায্য সমাপ্তি ঘটাতে পারে- এমন যেকোনো আঞ্চলিক উদ্যোগকে ইরান স্বাগত জানায়। তবে দুঃখজনকভাবে তাঁর ভাষ্যমতে, ‘এখন পর্যন্ত যুদ্ধ শেষ করার নির্দিষ্ট কোনো উদ্যোগ আলোচনার টেবিলে নেই।’ ফলে এই অচলাবস্থা সহসাই কাটছে না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে যে স্থবিরতা দেখা দিয়েছে, তা ইতিহাসের সব রেকর্ড ভেঙেছে। পরিস্থিতি সামাল দিতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘যেসব দেশ হরমুজ প্রণালির মাধ্যমে তেল পায়, তাদের ওই পথের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র সাহায্য ও সমন্বয় করবে যাতে সবকিছু দ্রুত ও মসৃণভাবে এগোয়।’ তিনি মূলত তেল আমদানিকারক দেশগুলোকেই এই সংকটের দায় নিতে বলছেন।

এদিকে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল পোস্টে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে এই জলপথে দ্রুত যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তবে আন্তর্জাতিক মহলে এই আহ্বানে খুব একটা ইতিবাচক সাড়া মেলেনি। ফ্রান্স ইতিমধ্যেই জাহাজ পাঠাতে ‘সাফ মানা’ করে দিয়েছে। অন্য দেশগুলোও এখন পর্যন্ত এই উত্তপ্ত পরিস্থিতিতে সরাসরি জড়ানোর কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি, যা হোয়াইট হাউসকে নতুন করে ভাবিয়ে তুলেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত