ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির শীর্ষ চার নেতা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হয়ে উঠেছে রাষ্ট্রপতির পদ। বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্বে থাকবেন নাকি নতুন কাউকে এ পদে বসানো হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোসহ জনমনে নানা আলোচনা চলছে।
রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি স্বেচ্ছায় পদত্যাগ করবেন, নাকি তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বিএনপি সরকারের কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছে।
আইন ও সংবিধান বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে অপসারণের জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন। অতীতে ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। সে ঘটনা তখন সরকারকে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল বলেও অনেকেই মনে করেন।
এ কারণেই বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে অভিশংসনের পথে না গিয়ে কৌশলী অবস্থান নিতে চাইছে বিএনপি। দলের ভেতরে এমন আলোচনাও রয়েছে যে, সরকার চাইলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
দলীয় সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি প্রশ্নে বিএনপি এখন সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে। কারণ এ বিষয়ে জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতির হিসাব-নিকাশও বিবেচনায় রাখা হচ্ছে। একই সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি রাষ্ট্রপতির অপসারণের দাবিতে চাপ সৃষ্টি করায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়ের হিসাব। এখনই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারও পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে যাবে। অথচ পরবর্তী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ প্রশ্নে বিএনপি সতর্ক অবস্থান নিয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অন্তত ছয় মাস পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও সেই রাষ্ট্রপতি দায়িত্বে থাকতে পারেন। তাই রাষ্ট্রপতি পদের সিদ্ধান্ত নিতে বিএনপি সবদিক বিবেচনা করছে।
রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্বও করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে বিশেষ শ্রদ্ধার চোখে দেখেন বলেও দলীয় মহলে আলোচনা রয়েছে।
তবে শারীরিক অসুস্থতার কারণে তার বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগতে পারে বলে জানা গেছে। যদি রাষ্ট্রপতি পদে তিনি দায়িত্ব নিতে না পারেন, তাহলে তাকে অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে সম্মানিত করা হতে পারে বলেও দলের ভেতরে আলোচনা রয়েছে।
একইভাবে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং গয়েশ্বর চন্দ্র রায়ের নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। মঈন খানকে স্পিকার পদে আলোচনায় রাখা হলেও শেষ পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
এদিকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও আলোচনায় এসেছে। আবার কেউ কেউ মনে করছেন, গুরুত্বপূর্ণ কোনো পদে গয়েশ্বর চন্দ্র রায়কেও দায়িত্ব দেওয়া হতে পারে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর।
রাজনৈতিক মহলে এমন ধারণাও রয়েছে যে, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে যেমন অপ্রত্যাশিত সিদ্ধান্ত এসেছে, রাষ্ট্রপতি পদেও তেমন কোনো চমক দেখা যেতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। বর্তমানে মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ২৩ জন প্রতিমন্ত্রী। জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। একজন রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করেন এবং সর্বোচ্চ দুইবার এ পদে থাকতে পারেন। বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনার সরকারের সময় দায়িত্ব গ্রহণ করেন এবং তার মেয়াদ রয়েছে ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত।
তবে গত বছরের অক্টোবর মাসে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছিল। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জানান, নির্বাচনের পর তিনি দায়িত্ব ছাড়তে আগ্রহী। যদিও সাংবিধানিক দায়িত্বের কারণে তিনি এখনো দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ