ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
৯ মসজিদের খাটিয়া এলো বাড়িতে, জুমার পর জানাজা
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বর-কনেসহ ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়।
নিহতদের মধ্যে একই পরিবারের নয়জন সদস্য রয়েছেন। শুক্রবার ভোরে ওই নয়জনের মরদেহ মোংলা উপজেলার শেহালাবুনিয়া এলাকায় পৌঁছালে সেখানে শোকের মাতম শুরু হয়। অন্যদিকে কনেসহ চারজনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে খুলনার কয়রা উপজেলায়।
জানা গেছে, গত বুধবার খুলনার কয়রা উপজেলার নাকসা গ্রামের আবদুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তার মিতুর সঙ্গে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকের ছেলে আহাদুর রহমান সাব্বিরের বিয়ে হয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে কনের বাড়ি থেকে মাইক্রোবাসে করে বরযাত্রীরা মোংলার উদ্দেশে রওনা দেন।
দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে রামপাল উপজেলার বেলাইবিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বর-কনে, চালকসহ মোট ১৪ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত একজন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন বর আহাদুর রহমান, তার বাবা আবদুর রাজ্জাক, ভাই আবদুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী, ভাগনে সামিউল ইসলাম ফাহিম, ভাবি ফারহানা সিদ্দিকা পুতুল এবং ভাতিজা-ভাতিজি আলিফ, আরফা ও ইরাম। এছাড়া কনে মার্জিয়া আক্তার মিতু, তার বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম, নানি আনোয়ার বেগম এবং মাইক্রোবাসের চালক নাঈমও এ দুর্ঘটনায় প্রাণ হারান।
শুক্রবার সকালে মোংলার শেহালাবুনিয়ায় বরের বাড়িতে গিয়ে দেখা যায় শোকাহত মানুষের ঢল নেমেছে। স্বজনদের কান্না আর আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দা শরীফ হাবিবুর রহমান বলেন, “একসঙ্গে এতগুলো লাশ আমি জীবনে দেখিনি, এমন দৃশ্য সহ্য করা খুবই কঠিন।”
নিহত আবদুর রাজ্জাকের ভাই সাজ্জাদ সরদার জানান, এই দুর্ঘটনায় তাদের পুরো পরিবার প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি বলেন, একসঙ্গে এত মরদেহ বহনের জন্য আশপাশের নয়টি মসজিদ থেকে খাটিয়া সংগ্রহ করতে হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ চত্বরে বরপক্ষের নয়জনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাদের মোংলা পৌর কবরস্থানে দাফন করা হবে। অন্যদিকে কনেপক্ষের সদস্যদের কয়রা উপজেলায় দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের অনলাইন টিকিট মিলছে আজ থেকে, জেনে নিন মূল্য