ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপনে প্রস্তুত নিউইয়র্কের টাইমস স্কোয়ার

২০২৬ মার্চ ১০ ০০:০২:০০


‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপনে প্রস্তুত নিউইয়র্কের টাইমস স্কোয়ার

নিজস্ব প্রতিবেদক: প্রবাসে বাংলা সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজন করা হচ্ছে বাংলা নববর্ষের বিশেষ উৎসব। ‘সম্প্রীতির নববর্ষ’ স্লোগানকে সামনে রেখে আগামী শনিবার (১১ এপ্রিল) নিউইয়র্কের টাইমস স্কোয়ারে অনুষ্ঠিত হবে বাঙালির এই বর্ষবরণ উৎসব। প্রবাসী বাঙালিদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে জোর প্রস্তুতি ও সাংস্কৃতিক মহড়া শুরু হয়েছে।

গত ৭ মার্চ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত এক মহড়া অনুষ্ঠানের শুরুতে এই ঘোষণা দেন আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের সভাপতি ও মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা।

তিনি জানান, গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও টাইমস স্কোয়ারে নববর্ষ উদযাপনের পরদিন ১২ এপ্রিল রোববার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হবে।

এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি হোসাইন কবির তার বক্তব্যে বাঙালির অসাম্প্রদায়িক এই উৎসবের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন গণসংগীত পরিচালক মহিতোষ তালুকদার তাপস, নৃত্যপরিচালক চন্দ্রা ব্যানার্জী এবং ডাউনটাউন ম্যানহাটন বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তারিকুল ইসলাম বাদল।

আয়োজকরা জানান, এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ইতোমধ্যে সাংস্কৃতিক মহড়া শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মহড়ায় নিউইয়র্কের বিভিন্ন বরো থেকে সংগীতপ্রেমী শিল্পীরা অংশগ্রহণ করেন। বিশেষ করে গণসংগীত শিল্পী ও সংগঠক মহিতোষ তালুকদার তাপসের পরিচালনায় অনুষ্ঠিত এই মহড়ায় অনেক শিল্পী অংশ নেন।

বিশ্বজিত সাহা বলেন, নববর্ষের মূল অনুষ্ঠানের আগে আরও কয়েকটি মহড়া অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, টাইমস স্কোয়ারে পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে বাংলা সংস্কৃতি বিশ্বব্যাপী নতুন নান্দনিক পরিচিতি পাচ্ছে। এই উৎসবে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি ভারত, নেপাল, থাইল্যান্ড, লাওসসহ বিভিন্ন দেশের অভিবাসীরাও অংশগ্রহণ করবেন বলে তিনি জানান।

আয়োজকরা মনে করছেন, টাইমস স্কোয়ারে এই বর্ষবরণ উৎসব শুধু প্রবাসী বাঙালিদের মিলনমেলাই নয়, বরং বহুজাতিক সংস্কৃতির মাঝে বাংলা ঐতিহ্যের উজ্জ্বল উপস্থিতি তুলে ধরবে। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলা সংস্কৃতির পরিচিতি ও মর্যাদা আরও বিস্তৃত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত