ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
প্রান্তিক মানুষের উপকার হয়, এমন সংস্কার করতে চাই: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দলমত নির্বিশেষে প্রবাসীদের সহযোগিতা নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যেসব সংস্কারের মাধ্যমে প্রান্তিক মানুষ সরাসরি উপকৃত হবেন, বিএনপি যাতে সেসব সংস্কার করতে না পারে, সে জন্য একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তবে সবার আন্তরিক সহযোগিতা, ধৈর্য ও সম্মিলিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের নিউ ওয়াজনি হোটেলে বাংলাদেশ কমিউনিটি জাপানের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘যে সংস্কারগুলো করলে একদম প্রান্তিক মানুষটা উপকার পাবে, সেই সংস্কারগুলো যাতে বিএনপি করতে না পারে, সেই জন্য একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আজকে দলমত নির্বিশেষে সবার কাছে আমি একটা কথা বলব—আপনাদের মন থেকে সহযোগিতা যদি থাকে, তাহলে আমরা অবশ্যই আমাদের এই বাংলাদেশকে, আমাদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ—সেই বাংলাদেশে আমরা গড়ে তুলতে পারব। তবে আমাদেরকে এজন্য পরিশ্রম করতে হবে, আমাদেরকে এজন্য ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে এজন্য একসাথে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে বিভিন্ন সময়ে জাপান বিনিয়োগ করেছে এবং দেশের উন্নয়নে সহযোগিতা করেছে। ভবিষ্যতে কীভাবে দেশটিতে নতুন করে বিনিয়োগ করা যায় এবং বাংলাদেশের উন্নয়নে আরও বেশি অংশগ্রহণ করা যায়, সে বিষয়ে জাপানের সঙ্গে আলোচনা হয়েছে।
প্রবাসীদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিনিয়োগকারীদের বাংলাদেশে নিয়ে আসতে সবাইকে প্রস্তুতি নিতে হবে। দেশের উন্নয়নের জন্য বিনিয়োগ অত্যন্ত প্রয়োজন। এর মাধ্যমে দেশে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে, যা জাতীয় সম্পদে পরিণত হবে এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
তিনি বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অন্যান্য প্রয়োজনীয় খাতেও ধীরে ধীরে উন্নয়ন করা সম্ভব হবে। প্রবাসীদের কেউ শিক্ষকতা করছেন, কেউ অন্য পেশায় নিয়োজিত আছেন, আবার অনেকে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত।
প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের একজন দূত হিসেবে কাজ করতে পারেন। জাপান ব্যবসা-বাণিজ্যের সঙ্গে ব্যাপকভাবে যুক্ত এবং দেশটির ব্যবসায়ীরা দেশে ও বিশ্বের বিভিন্ন স্থানে ব্যবসা করছেন। তাই বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য যেসব সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে, সেগুলো জাপানের ব্যবসায়ী মহলের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশের ইতিবাচক দিক এবং বর্তমান সরকার কীভাবে দেশকে এগিয়ে নিতে চায়, তা তুলে ধরলে সরকার ও দেশ—উভয়ই উপকৃত হবে বলে উল্লেখ করেন।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, আট মাস আগে দায়িত্ব গ্রহণের সময় তাঁরা একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিও ছিল অত্যন্ত নাজুক। এ ছাড়া দেশে আরও নানা সমস্যা ছিল, যার কিছু এখনো রয়ে গেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকারকে সামনে এগিয়ে যেতে হচ্ছে।
সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের উপযোগী করে ট্রাফিক আইন শেখানোর জন্য আলাদা বই তৈরি করা হয়েছে। তাঁর ভাষায়, সরকার বিস্তারিত পর্যায়েও কাজ করার চেষ্টা করছে। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার উন্নতি হলে দেশের সন্তানরা শিক্ষিত হবে এবং ভবিষ্যতে তারাই দেশ গড়ে তুলবে। তাঁর মতে, এর চেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার আর কী হতে পারে।
স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বর্তমানে কতটা স্বাস্থ্যসেবা পাচ্ছে, তা বিবেচনায় নেওয়া প্রয়োজন। স্বাস্থ্যসেবার মান বাড়ানো, মানুষের দোরগোড়ায় তা পৌঁছে দেওয়া এবং সেবা গ্রহণ সহজ করাও সংস্কারের অংশ। যে সংস্কারের মাধ্যমে দেশের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে, বর্তমান সময়ে তার চেয়ে জরুরি সংস্কার আর কী হতে পারে—এমন প্রশ্নও তোলেন তিনি।
তারেক রহমান বলেন, বিভিন্ন ধরনের সংস্কারের প্রস্তাব নিয়ে তাঁর আপত্তি নেই। তবে তাঁর বিবেচনায়, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নই এই মুহূর্তে সবচেয়ে জরুরি সংস্কারের মধ্যে অন্যতম।
প্রধানমন্ত্রী বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে তিনি সারা দেশ ঘুরেছেন এবং মানুষের সঙ্গে কথা বলেছেন। তাঁর মনে হয়েছে, কার ক্ষমতা বাড়ল বা কমল, তার চেয়ে মানুষের কাছে এসব মৌলিক সংস্কারের চাহিদা বেশি।
ব্যবসায় বিনিয়োগ ও ব্যবসায়ীদের সুবিধার জন্য নীতিকাঠামোয় কী পরিবর্তন আনা যায়, সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ও পরে তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে যুবসমাজের জন্য সুযোগ সৃষ্টি এবং তরুণদের কর্মসংস্থানের কথা বলা হয়েছে। তরুণদের চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, সরকারের যেকোনো পদক্ষেপের ক্ষেত্রে দেশের মানুষ, মা-বোন ও নারীদের সুস্থ থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ। তাঁর কাছে এটিও বড় ধরনের সংস্কার। টোকিওর মতো ঢাকা শহরকে পরিচ্ছন্ন করা এবং জাপানের মতো বাংলাদেশকে গড়ে তোলার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
দেশের সবুজ পরিবেশের পরিবর্তনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ছোটবেলায় তিনি শুনতেন, ‘যেদিকে চোখ যায়, বাংলাদেশে সবুজ আর সবুজ’। কিন্তু এখন সেই দৃশ্য আগের মতো দেখা যায় কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ঢাকা শহরের বাইরে গেলেও আগের মতো সবুজ চোখে পড়ে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তা সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্টমেন্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কর্মসংস্থানবিষয়ক) ড. শাকিরুল ইসলাম খান শাকিল প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাপান বিএনপির সভাপতি রেজী মীর, সাধারণ সম্পাদক এমদাদুল হক মনি, প্রধান পৃষ্ঠপোষক এস ইসলাম নান্নু, সহসভাপতি মাসুম জাকির, দপ্তর সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, মু. আখতারুজ্জামান কিরন এবং ব্যবসায়ী নেতা কাজী সারওয়ার হাবিব (সিআইপি) প্রমুখ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা