ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

সুপ্রিম কোর্টের নির্দেশে আজ থেকে ট্রাম্পের শুল্ক বাতিল

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১১:১২:৫৪

সুপ্রিম কোর্টের নির্দেশে আজ থেকে ট্রাম্পের শুল্ক বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের আরোপ করা অতিরিক্ত শুল্ক আদায় বন্ধ হতে যাচ্ছে আদালতের নির্দেশে। মধ্যরাত পেরোনোর সঙ্গে সঙ্গেই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত, যা আন্তর্জাতিক বাণিজ্যে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে শুল্ক সংগ্রহ বন্ধের ঘোষণা দিয়েছে United States Customs and Border Protection। সংস্থাটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে Agence France-Presse।

কর্তৃপক্ষ জানায়, কার্গো সিস্টেমস মেসেজিং সার্ভিস (সিএসএমএস)-এর মাধ্যমে জাহাজ ও শিপিং সংশ্লিষ্টদের কাছে বার্তা পাঠানো হয়েছে। ওই বার্তায় উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট Donald Trump এর জারি করা ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনোমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ), ১৯৭৭–সম্পর্কিত সব শুল্ক কোড মঙ্গলবার থেকে নিষ্ক্রিয় করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২ এপ্রিল নতুন শুল্কনীতি ঘোষণা করেন ট্রাম্প। সে অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা সব দেশের ওপর ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ আরোপের পাশাপাশি বিভিন্ন দেশের ক্ষেত্রে ‘পাল্টাপাল্টি শুল্ক’ বা রেসিপ্রোকাল ট্যারিফ কার্যকর করা হয়। পরবর্তীতে চীন, ভারত, কানাডা, মেক্সিকো ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই শুল্ক নীতিকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তিনি। মার্কিন ইতিহাসে জরুরি অর্থনৈতিক ক্ষমতার এত বিস্তৃত প্রয়োগের নজির বিরল।

শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার সময় ২ এপ্রিলকে যুক্তরাষ্ট্রের ‘স্বাধীনতা দিবস’ বলে অভিহিত করে ট্রাম্প দাবি করেছিলেন, এর মাধ্যমে দেশটি অর্থনৈতিক মুক্তির পথে এগোবে।

তবে গত ২১ ফেব্রুয়ারি এক রায়ে Supreme Court of the United States ট্রাম্পের এই শুল্ক ব্যবস্থা অবৈধ ঘোষণা করে। আদালত বলেন, প্রেসিডেন্ট ধারাবাহিকভাবে যেভাবে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছেন, তা তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছে এবং আইইইপিএ ১৯৭৭ আইনের অপব্যবহার হয়েছে।

রায়ে আরও বলা হয়, আইইইপিএ প্রেসিডেন্টকে ইচ্ছামতো শুল্ক আরোপের একচ্ছত্র ক্ষমতা দেয় না। ২১ ফেব্রুয়ারির ওই রায়ের পর তিন দিন প্রস্তুতির সময় নিয়ে অবশেষে মঙ্গলবার দিবাগত রাত থেকে তা বাস্তবায়ন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রায় কার্যকর করতে তিন দিন সময় লাগার কারণ জানতে চাইলে কাস্টমস কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত