ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

একই দিনে বইমেলা উদ্বোধন ও একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ২২ ২০:৫৪:৪৯

একই দিনে বইমেলা উদ্বোধন ও একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ ফেব্রুয়ারি দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে এক ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। ওইদিন সকালে দেশের শ্রেষ্ঠ সন্তানদের ‘একুশে পদক’ দেওয়ার মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা এবং বিকেলে উদ্বোধন হবে বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে বইমেলা’। দুটি বড় আয়োজনেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এই বিশেষ দ্বৈত কর্মসূচির কথা জানানো হয়েছে।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী পদক হস্তান্তর করবেন। এরপর বিকেলে বাংলা একাডেমি চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন তিনি। মন্ত্রী আরও জানান, বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে মনোনীত গুণীজনদের হাতে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা তুলে দেওয়া হবে।

২০২৬ সালের একুশে পদকের জন্য সরকার মোট ৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’কে মনোনীত করেছে। মনোনীতরা হলেন—চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। তবে এবার সাহিত্য বিভাগে কোনো পদক দেওয়া হচ্ছে না।

এবারের বইমেলায় প্রকাশকদের জন্য সরকার বড় একটি উপহার ঘোষণা করেছে। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এবারের মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে প্রকাশকরা অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী হিসেবে দেখছেন। ইতোমধ্যে ওসমানী স্মৃতি মিলনায়তন এবং মেলা প্রাঙ্গণে অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য যে, ১৯৭৬ সাল থেকে শুরু হওয়া এই সম্মাননার নীতিমালায় বলা হয়েছে, মনোনীত প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নগদ চার লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এর একটি রেপ্লিকা এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়। ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক দেওয়া হয়ে থাকে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত