ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

গুপ্ত গোষ্ঠীরা নতুন করে জালেমে পরিণত হয়েছে: তারেক রহমান

২০২৬ ফেব্রুয়ারি ০৪ ১৪:৫৫:২২

গুপ্ত গোষ্ঠীরা নতুন করে জালেমে পরিণত হয়েছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুপ্ত সংগঠনের বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, স্বৈরাচার পতনের পরও একই মানসিকতার কিছু গুপ্ত গোষ্ঠী নতুন করে জালেমে পরিণত হয়েছে, যাদের কাছে দেশের মা-বোনরাও নিরাপদ নয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে এক নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে। আগামী ১২ তারিখ জনগণ জবাবদিহিমূলক সরকার নির্বাচিত করবে। কিন্তু ৫ আগস্টের পর লক্ষ্য করা যাচ্ছে, স্বৈরাচার যেভাবে মানুষকে অপমান করত, তুচ্ছ করত, সেই আচরণ বন্ধ হয়নি। একটি গোষ্ঠী গুপ্ত পরিচয়ে রাজনীতিতে সক্রিয় থেকে একই ধরনের দমনমূলক ভাষা ও আচরণ চালিয়ে যাচ্ছে। এরা এখন নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে।

তিনি আরও বলেন, গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে দেখতে হচ্ছে—এই জালেম গোষ্ঠীর এক নেতা প্রকাশ্যে নারীদের নিয়ে অত্যন্ত অশালীন ও কলঙ্কজনক ভাষা ব্যবহার করেছেন। যারা মা-বোনদের সম্মান দিতে জানে না, তাদের কাছ থেকে দেশের মানুষের মর্যাদা রক্ষার কোনো আশা করা যায় না। তাদের রাজনীতিতে মানবিকতা বা সম্মানবোধ নেই।

বিএনপি চেয়ারম্যান বলেন, গুপ্তদের কুমিল্লা জেলার এক নেতা প্রকাশ্যে বলেছেন—১২ তারিখ পর্যন্ত তারা জনগণের পা ধরবেন, এরপর জনগণকে তাদের পা ধরতে হবে। এ বক্তব্য থেকেই স্পষ্ট হয় তারা জনগণকে কতটা অবজ্ঞা করে। এমন মানসিকতার লোকেরা ক্ষমতায় গেলে জনগণের জীবনে কতটা দুর্বিষহ পরিস্থিতি নেমে আসতে পারে, তা সহজেই অনুমেয়। তাই এই গুপ্তদের বিরুদ্ধে জনগণকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

বরিশালের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, এই অঞ্চলের সবচেয়ে বড় সংকট নদীভাঙন। টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ বহু উন্নয়নকাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। জনগণ সঠিক সিদ্ধান্ত নিলে এসব সমস্যার সমাধান সম্ভব।

তিনি আরও বলেন, বিএনপির শাসনামলে অনেক উন্নয়ন প্রকল্পের সূচনা হয়েছিল, যা শেষ করা যায়নি। দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্যাগুলোর সমাধানে বিএনপি ক্ষমতায় এলে আন্তরিকভাবে কাজ করতে চায়।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন