ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ভারত পরিকল্পিতভাবে মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন ছড়াচ্ছে: প্রেস সচিব

২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৮:৪০:৪০

ভারত পরিকল্পিতভাবে মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন ছড়াচ্ছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ নিয়মিতভাবে অপতথ্য ছড়াচ্ছে।

তিনি বলেন, “ভারতের বিভিন্ন পত্রিকা একদিনও বাংলাদেশের সঠিক তথ্য প্রকাশ করে না। আনন্দবাজারের মতো পত্রিকাও মিথ্যা তথ্য ছড়িয়েছে, অথচ এটি ভারতের সর্বাধিক পঠিত বাংলা পত্রিকা। ভারত পরিকল্পিতভাবে মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন ছড়াচ্ছে।”

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘পলিসি কনক্লেভ অন মিসইনফরমেশন: চ্যালেঞ্জেস টু গভর্ন্যান্স অ্যান্ড ডেমোক্রেসি’ শীর্ষক নীতিসংলাপে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় এই নীতিসংলাপের আয়োজন করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।

প্রেস সচিব আরও বলেন, “আমরা ডেমোক্রেসি চাই, কিন্তু একটি শক্তিশালী গ্রুপ মিথ্যা তথ্য ছড়িয়ে তা হুমকিতে ফেলছে। এই মিসইনফরমেশন লোকাল সোর্স ও বাইরের পক্ষ থেকেও ছড়ানো হচ্ছে। গত ১৮ মাসে ভারতীয় মিডিয়া ভয়াবহভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছে। ৫৪ বছরে এ ধরনের পরিস্থিতি বাংলাদেশের কোনো সরকার দেখেনি। তারা প্রতিদিন মিথ্যা তথ্য ছড়িয়েছে।”

তিনি বলেন, “আমরা একটি সুস্থ ক্ষমতার পালাবদল চাই, একটি ভালো নির্বাচন চাই। কিন্তু বাইরে এমন ইমেজ তৈরি করা হচ্ছে যে, গণতন্ত্র এলেও সংখ্যালঘুরা নিরাপদ নয়। বড় রাজনৈতিক দলের কোনো অধিকার রাখা হচ্ছে না। ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ এই অপতথ্য ছড়াচ্ছে।”

দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, “তথ্য মানেই সংবাদ নয়। ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃত করা সমাজ ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর। গণমাধ্যমকে গণমানুষের কণ্ঠ হতে হবে, যা দীর্ঘদিন আমরা করতে পারিনি।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা ছিল নেতিবাচক। গণমাধ্যমকে জনগণের কণ্ঠস্বর হিসেবে তৈরি করতে হবে। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে ভীত হয়ে আছে। এই পরিস্থিতি থেকে বের হতে দক্ষ সাংবাদিক অপরিহার্য।”

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, “এআই যুগে বিভ্রান্তি বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্র এখনও বিভ্রান্তির মধ্যে রয়েছে। আমাদের শিক্ষাব্যবস্থায় মিডিয়া লিটারেসি অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি তৈরি করতে পারলেই এই চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী, প্রধান উপদেষ্টা রাজিউর রহমান, সাবেক সভাপতি মুছা মল্লিক, বর্তমান সভাপতি কালাম মুহাম্মদসহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ২০২৫ সালের সেরা চারজন প্রতিবেদককে বিভিন্ন ক্যাটগরিতে এম আই পাটোয়ারী বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন