ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

বান্দরবানে ঝুঁকিপূর্ণ ভোট, ১১ কেন্দ্রে হেলিকপ্টার

২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৭:৩০:৫২

বান্দরবানে ঝুঁকিপূর্ণ ভোট, ১১ কেন্দ্রে হেলিকপ্টার

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলা বান্দরবানে ভোট আয়োজন করতে গিয়ে বড় চ্যালেঞ্জের মুখে নির্বাচন প্রশাসন। দুর্গম পাহাড়, যোগাযোগ সংকট ও নিরাপত্তা ঝুঁকির কারণে জেলার অধিকাংশ ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে কয়েকটি এলাকায় ভোটের সরঞ্জাম পৌঁছাতে ভরসা করতে হচ্ছে হেলিকপ্টারের ওপর।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, বান্দরবানের সাতটি উপজেলার মোট ১৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৮টিকেই ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। এর মধ্যে চারটি উপজেলার পাঁচটি ইউনিয়নের ১১টি কেন্দ্রকে ‘হেলিসর্টি ভোটকেন্দ্র’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম আনা–নেওয়া করা হবে আকাশপথে।

হেলিসর্টি ঘোষিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে—রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়নের রনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। রুমা উপজেলার রেমাক্রী প্রাংশা ইউনিয়নের পাকনিয়ারপাড়া ও চিংলকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ ছাড়া থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের রদলিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও হেলিসর্টি তালিকায় আছে।

একই উপজেলার তিন্দু ইউনিয়নের তিন্দু গ্রুপিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আলীকদম উপজেলার কুরুপপাতা ইউনিয়নের কমচঙ ইয়ুংছা মাওরুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হেলিসর্টি ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম জানান, দুর্গমতা ও যোগাযোগ সমস্যার কারণে এই ১১টি কেন্দ্রের জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয়েছে। এসব কেন্দ্রে ভোটের সব উপকরণ হেলিকপ্টারযোগে পৌঁছে দেওয়া ও ফেরত আনা হবে।

অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব বলেন, বান্দরবানের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

উল্লেখ্য, বান্দরবান-৩০০ আসনে সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন রয়েছে। এখানে বাঙালিসহ ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস। জেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৬৭ জন। ভোটগ্রহণ হবে মোট ১৮৭টি কেন্দ্রে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন