×

ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

২০২৬ নভেম্বর ১৪ ১১:০১:১২

আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে। যুবসমাজকে ধ্বংস করার উদ্দেশ্যেই এ ষড়যন্ত্র করা হচ্ছে, যাতে বাংলাদেশ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, বর্তমানে শতকরা ১৫ থেকে ২০ জন যুবক অনলাইন ক্যাসিনো ও মাদকে জড়িয়ে পড়েছে। ক্যাসিনো জুয়ার মাধ্যমে প্রতিবছর ৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে মাদক আসছে। এটি যুবসমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র, যাতে আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি।

মন্ত্রী আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক-এই চারটি সামাজিক অপরাধ লালমনিরহাট থেকে দূর করতে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি শুরু করা হয়েছে। এই কর্মসূচি দেখতে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসবেন বলে জানান তিনি।

শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, এখন শিক্ষার্থীরা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। অনেক শিক্ষককে নির্যাতনও করা হয়েছে। নীতিবোধ, মূল্যবোধ, সম্মান, সামাজিকতা ও নৈতিকতায় আমরা পিছিয়ে গেছি। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র ও থানার ওসি মতিউর রহমান প্রমুখ।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত