×

ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

রাজনৈতিক কারণে মেধাবী চিকিৎসকেরা কাজের সুযোগ পাননি: মির্জা আব্বাস

২০২৬ নভেম্বর ১৪ ১৪:০২:০৪

রাজনৈতিক কারণে মেধাবী চিকিৎসকেরা কাজের সুযোগ পাননি: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: বিগত সময়ে দেশের চিকিৎসকেরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেন, রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর সুযোগ পাননি। পৃথিবীর অন্য কোনো দেশে এমন ঘটনার নজির নেই।

শনিবার (১৪ নভেম্বর) জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশের চিকিৎসকেরা বিশ্বের অন্য কোনো দেশের চিকিৎসকদের তুলনায় কোনো অংশেই পিছিয়ে নেই। বরং বাংলাদেশের চিকিৎসকেরা অন্যান্য দেশের চিকিৎসকদের চেয়ে অনেক ভালো। তাঁদের দক্ষতা নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে।

দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসাসেবার পরিধি ও চিকিৎসকের সংখ্যা এখনো পর্যাপ্ত নয় উল্লেখ করে তিনি বলেন, মানুষের চিকিৎসার জন্য যেন বিদেশে যেতে না হয়, সে জন্য দেশে আরও বেশি চিকিৎসক তৈরি করতে হবে।

চিকিৎসকেরা রাজনীতির শিকার হওয়ায় দেশের চিকিৎসাব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, চিকিৎসকেরা সঠিকভাবে কাজ করার সুযোগ পেলে দেশের স্বাস্থ্য খাতের চিত্র আরও অনেক উন্নত হতো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ফিজিক্যাল মেডিসিনের ইউনিটগুলোকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এসব ইউনিটের সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি যথাযথ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত