ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

আমীর খসরু

'বিএনপি ক্ষমতায় এলে আমলাতান্ত্রিক জটিলতা ও ‘ব্রোকারিজ’ থাকবে না'

২০২৫ ডিসেম্বর ২২ ২১:৪২:১৭

'বিএনপি ক্ষমতায় এলে আমলাতান্ত্রিক জটিলতা ও ‘ব্রোকারিজ’ থাকবে না'

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রকৃত গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের ক্ষমতা বাড়ানো এবং সরকারের ক্ষমতা কমানো।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ‘বাণিজ্য সংলাপ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন প্রসঙ্গে আমীর খসরু বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে ব্যবসা-বাণিজ্যের পথে বাধা হয়ে দাঁড়ানো সব আমলাতান্ত্রিক জটিলতা ও ‘ব্রোকারিজ’ প্রথা পুরোপুরি বিলুপ্ত করা হবে। দুর্নীতি কমাতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ কমিয়ে আনা হবে। কাস্টমস ও আমদানি-রপ্তানি প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করতে এআই (AI) প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে, যাতে কর্মকর্তাদের মর্জির ওপর ব্যবসায়ীদের নির্ভর করতে না হয়।

রেমিট্যান্স ও আইটি খাত নিয়ে তিনি বলেন, বর্তমানে রেমিট্যান্স ২৫ বিলিয়ন ডলারের ঘরে থাকলেও দক্ষ জনশক্তি ও আইটি খাতের বিকাশের মাধ্যমে একে ৫০ থেকে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। এছাড়া গ্রামীণ অর্থনীতি সচল করতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিক বাজারে (যেমন অ্যামাজন) প্রবেশের জন্য প্রয়োজনীয় সহায়তা ও ঋণের ব্যবস্থা করা হবে।

পুঁজিবাজার ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দিয়ে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের পুঁজিবাজার এখন ধ্বংসপ্রায়। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংক, এসইসি এবং বিটিআরসির মতো প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার হিসেবে গড়ে তোলা হবে।

নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। তবে কিছু গোষ্ঠী যারা নির্বাচন চায় না, তাদের নিয়ে জনমনে সন্দেহ রয়ে গেছে। তিনি দেশের অর্থনীতি পুনর্গঠনে ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সংলাপে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহম্মদ। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক, ব্যবসায়ী নেতা সরওয়ার জামান নিজামসহ চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত