ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
জাতির জন্য ঐতিহাসিক নির্বাচনের প্রস্তুতি চলছে: ড. মুহাম্মদ ইউনূস
নিজস্ব প্রতিবেদক :বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার করা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহজান।
সাক্ষাৎকালে দুই পক্ষ বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করার উপায় এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয় বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
ড. ইউনূস প্রতিনিধিদলকে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, “আপনারা এমন এক সময়ে বাংলাদেশে এসেছেন, যখন দেশটি এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।
একটি তরুণ নেতৃত্বাধীন আন্দোলনের ফলস্বরূপ আমরা এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠবে।”
তিনি দেশের রোহিঙ্গা সম্প্রদায়ের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। এদের মধ্যে হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে এবং বড় হচ্ছে, কিন্তু তারা জানে না তাদের নাগরিকত্ব কী এবং ভবিষ্যৎ কেমন হবে।
তিনি আন্তর্জাতিক সহায়তার ঘাটতি উল্লেখ করে বলেন, পরিস্থিতি ক্রমশ আরও জটিল হয়ে উঠছে। তিনি রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনকেই একমাত্র টেকসই সমাধান হিসেবে আখ্যায়িত করেন।
প্রতিনিধিদল রোহিঙ্গা ইস্যুতে কানাডার অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সিনেটর আতাউল্লাহজান বলেন, “রোহিঙ্গা ইস্যু একটি গুরুতর মানবিক উদ্বেগের বিষয়। বিশ্বের উচিত তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগী হওয়া।” তিনি ড. ইউনূসকে ধন্যবাদ জানান রোহিঙ্গা সংকট সমাধানে তার অব্যাহত প্রচেষ্টার জন্য।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সালমা জাহিদ, সামির জুবেরি, মাহমুদা খান, মাসুম মাহবুব, আহমদ আতিয়া ও উসামা খান।
সামির জুবেরি বলেন, কানাডা বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বহুমুখী করার চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান রপ্তানি শিল্পে কানাডার বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক অংশীদারিত্ব সম্প্রসারণে কাজ চলছে।
উভয়পক্ষ সাক্ষাৎকালে পোশাক, কৃষি ও অন্যান্য সম্ভাবনাময় খাতে বাণিজ্যিক সুযোগ এবং বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া, সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
বৈঠকটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের শক্তিশালী ভিত্তি এবং মানবিক সহযোগিতার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর