ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকৌশলীদের দাবি পেশ করলেই সমাধান হবে: জনপ্রশাসন সচিব
আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে পেশ করলে সচিব কমিটি দ্রুততম সময়ে সমস্যার সমাধান করে দেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশ্বাস দেন।
তিন দফা দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় পাঁচ ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন। দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আজও (২৭ আগস্ট) তারা সারাদেশের প্রকৌশলীদের নিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করছেন এবং শাহবাগ মোড় অবরোধ করেছেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, "তারা (আন্দোলনরত প্রকৌশলী) যদি তাদের দাবিগুলো স্মারকলিপি আকারে দেন, এগুলো নিয়ে তারা অনেক রিসার্চ করেছেন, তাদের কাছে আইন-কানুন আছে, এগুলো যদি অ্যাটাচ করে দেন, আমরা অল্প সময়ে এটা সমাধান করে দিতে পারব।" তিনি জানান, তাদের কাছে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আবেদন আসেনি, কেবল সংবাদমাধ্যম থেকেই বিষয়টি শুনেছেন।
দাবি-দাওয়াগুলো কীভাবে দেখা হচ্ছে— জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, এই বিষয়টি পিএসসি (সরকারি কর্ম কমিশন), জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ, লেজিসলেটিভ বিভাগ এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের মন্ত্রণালয় জড়িত। সবার সঙ্গে বসে আন্তঃমন্ত্রণালয় সভা, যার অফিশিয়াল নাম 'সচিব কমিটি', সেখানে এটি উত্থাপন করলেই সমাধান হবে। "একটি বা দুটি মিটিং লাগবে। এটা সম্ভব, এটা এমন কোনো জটিল বিষয় নয়," তিনি মন্তব্য করেন।
মোখলেস উর রহমান আরও বলেন, "যারা ভুক্তভোগী তারা তাদের মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রস্তাবটা আনবে। আমরা এটা পজিটিভলি দেখব, আমরা এটা ফেলে রাখবো না।"শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে মানুষের ভোগান্তি প্রসঙ্গে তিনি বলেন, "এই ভোগান্তি তো আমরা অফিসাররাও কম করিনি। কার কথা বলবেন!"
ডিপ্লোমা প্রকৌশলীদেরও আন্দোলনের বিষয়ে জানতে চাইলে সিনিয়র সচিব মন্তব্য করেন, "দুটিই তো সরকারের। বেসরকারি নিয়ে তো কোনো সমস্যা নেই। সরকারের সুবিধা যারা বেশি খায়, সমস্যা তারাই বেশি সৃষ্টি করে।" তিনি আরও বলেন, "এনারা যে প্রস্তাব নিয়ে আসতেছেন আমরা সমাধান করার জন্য প্রস্তুত। তাদের প্রস্তাব আসলে আমরা সবাইকে ডাকবো।"
"রাস্তাঘাট বন্ধ করার কোনো দরকার নেই, ইট ইজ নট ওয়াইজ। এই সরকারের আমলে আমরা কত রাস্তাঘাট বন্ধ করেছি— সেদিন একটা হিসাব দেখেননি? এরমধ্যে আমরা সরকারি লোকেরাই বেশি করেছি। (রাস্তাঘাট বন্ধ) জনসাধারণ কম করেছে," যোগ করেন সিনিয়র সচিব।
আন্তঃমন্ত্রণালয় বা সচিব কমিটির সভা কবে হবে— জানতে চাইলে তিনি বলেন, "যখন কাগজ আসবে আমরা প্লেস করব, আন্তঃমন্ত্রণালয় মিটিং তো আমরা যখন দরকার হয়, আমরা তখনই করি। এটার প্রধান মন্ত্রিপরিষদ সচিব। সব সচিবরা এটার সদস্য। এখানে নেগেটিভ কিছুই নেই। শুধু এটা না বুঝে যারা করতেছে, আপনাদের যদি সুযোগ হয় তাদের বোঝান— তোমরা যা চাও সেটা সুন্দর করে বুঝিয়ে মিনিস্ট্রিতে লিখে জায়গামতো দিয়ে আসো, সমাধান হয়ে যাবে।"
প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে: নবম গ্রেডের ইঞ্জিনিয়ারিং পদ বা সহকারী প্রকৌশলী বা সমমানের পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর কমপক্ষে বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোটার মাধ্যমে পদোন্নতি দেওয়া যাবে না, এমনকি বিভিন্ন নামে সমমানের পদ সৃষ্টি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
দ্বিতীয়ত, দশম গ্রেডের কারিগরি পদ বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদের জন্য নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করতে হবে।
তৃতীয়ত, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি না থাকলেও ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে।
আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা ছয় মাস ধরে দাবি জানিয়ে এলেও সরকার এসব দাবি পূরণে কোনো কাজ করেনি, ফলে সরকারই তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি