ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বাড়তি শুল্কের চাপ পড়বে মার্কিন ক্রেতাদের ওপর: বিজিএমইএ সভাপতি
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে তৈরি পোশাক খাতে চলমান অনিশ্চয়তা কিছুটা কেটে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
শুক্রবার (১ আগস্ট) এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আরোপিত পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশ হওয়ায় স্বস্তি ফিরেছে খাতটিতে।
মাহমুদ হাসান স্পষ্ট করে বলেন, এই বাড়তি শুল্ক রপ্তানিকারকদের নয় বরং আমদানিকারক ও যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলোকেই বহন করতে হবে। তার ভাষায়, "শুরু থেকেই আমরা বলে আসছি প্রতিযোগী দেশের তুলনায় বেশি শুল্ক আরোপ করা হলে আন্তর্জাতিক বাজারে আমাদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।"
তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের তুলনায় বাংলাদেশের শুল্ক হার ১ শতাংশ বেশি হলেও ভারতের চেয়ে ৫ শতাংশ এবং চীনের চেয়ে ১০ শতাংশ কম। যা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক।
তবে সাময়িকভাবে এই বাড়তি শুল্কের কারণে ব্যবসায় কিছুটা ধাক্কা লাগতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি। তার মতে, আমদানিকারকদের মূলধনে অতিরিক্ত চাপ পড়বে। ফলে অর্ডার কমে যেতে পারে। শেষ পর্যন্ত এই খরচ মার্কিন ভোক্তাদের উপর গিয়ে পড়বে যার প্রভাবে বাজারে পণ্যের দাম বাড়তে পারে এবং বিক্রি কমে যেতে পারে।
তিনি আরও বলেন, চলতি বছরের এপ্রিলে ট্রাম্প প্রশাসন বিশ্বের সব দেশের ওপর ১০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে। সেই সময় কিছু মার্কিন প্রতিষ্ঠান নিজেরা এই খরচ বহন করলেও অনেকে সরবরাহকারীদের ওপর চাপ সৃষ্টি করেছিল।
বিজিএমইএ থেকে তাই এবার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ভবিষ্যতে এ ধরনের বাড়তি শুল্ক সরবরাহকারীদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। এগুলো আমদানিকারক ও মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলোকেই বহন করতে হবে।
চীনের প্রসঙ্গে মাহমুদ হাসান জানান, দেশটির পণ্যের উপর এখনো ৩০ শতাংশ পাল্টা শুল্ক রয়েছে এবং তা শিগগিরই চূড়ান্ত করা হবে। ধারণা করা হচ্ছে, এই হার বাংলাদেশের চেয়ে কম হবে না। ফলে চীনের অর্ডার অন্য দেশে সরতে পারে যা বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ হয়ে দাঁড়াবে।
তবে এই সম্ভাবনা কাজে লাগাতে হলে বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। বিশেষ করে জ্বালানি সরবরাহ, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
সর্বশেষে বিজিএমইএ সভাপতি বলেন, পাল্টা শুল্ক নিয়ে আলোচনার সময় বাংলাদেশ যে প্রতিশ্রুতি ও চুক্তিগুলো করেছে যেমন মনগম, তুলা, এলএনজি বা উড়োজাহাজ কেনার মতো স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। সেগুলো বাস্তবায়নে গাফিলতি হলে ভবিষ্যতে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই এসব প্রতিশ্রুতি যথাযথভাবে রক্ষা করাই এখন জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি