ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

পোস্টাল ব্যালট গণনা ও ইসি সচিবালয়ে থাকছে বিএনসিসি: ইসি 

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ২৩:৫২:৩২

পোস্টাল ব্যালট গণনা ও ইসি সচিবালয়ে থাকছে বিএনসিসি: ইসি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেট মোতায়েনের বিষয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্রে সরাসরি দায়িত্ব না দিয়ে এখন পোস্টাল ব্যালট ভোট গণনা কেন্দ্র এবং ইসি সচিবালয়ের শৃঙ্খলা রক্ষার কাজে ক্যাডেটদের ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক সংশোধিত নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

কোথায় দায়িত্ব পালন করবেন ক্যাডেটরা

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট (ওসিভি ও আইসিপিভি) গণনা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ক্যাডেটরা দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া ভোটগ্রহণের আগের দিন ১১ ফেব্রুয়ারি থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ৫টি সেকশন দায়িত্বে থাকবে।

মোতায়েন ও দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা

ইসির নির্দেশনায় ক্যাডেট মোতায়েনের ক্ষেত্রে কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে-

রেজিমেন্ট কমান্ডাররা রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করবেন।

ক্যাডেটদের দক্ষতা, নিরপেক্ষতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করে দায়িত্ব দেওয়া হবে।

সর্বোচ্চ তিনটি নির্বাচনী এলাকার জন্য একটি করে সেকশন (১ জন করপোরাল ও ১০ জন ক্যাডেট) হিসেবে ৩০০টি নির্বাচনী এলাকায় মোট ১২৩টি সেকশন মোতায়েন করা হবে।

ইসি সচিবালয়ের ফলাফল ও পরিস্থিতি প্রতিবেদন সংগ্রহ কেন্দ্রে আলাদাভাবে ৫টি সেকশন দায়িত্ব পালন করবে।

মোতায়েনকৃত ক্যাডেটরা ভোটগ্রহণের আগের দিন থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্বে থাকবেন।

কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা গণভোটের পক্ষে-বিপক্ষে কার্যক্রমে অংশ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

দায়িত্ব পালনের আগে ক্যাডেটদের জন্য বিশেষ প্রশিক্ষণ বাধ্যতামূলক।

প্রশিক্ষণ কার্যক্রম রেজিমেন্ট কমান্ডাররা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও জেলা বা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে সম্পন্ন করবেন।

ব্যয় বহন ও সিদ্ধান্তের পেছনের প্রেক্ষাপট

নির্দেশনায় বলা হয়েছে, বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন ও প্রশিক্ষণ সংক্রান্ত ব্যয় নির্বাচন কমিশন সচিবালয়ের বাজেট থেকে মেটানো হবে।

উল্লেখযোগ্যভাবে, গত ১ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো সংবেদনশীল রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্রদের সম্পৃক্ত করা হলে ছাত্রসমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উভয়ই বিতর্কে জড়াতে পারে। বিএনপির এই আপত্তির প্রেক্ষিতেই ইসি তাদের আগের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন