ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২
জাতীয় পেনশনের ৮ সুবিধা, বাস্তবায়নে ১০ চ্যালেঞ্জ
সরকারি পৃষ্ঠপোষকতায় চালু হওয়া সর্বজনীন পেনশন কর্মসূচি ধীরে ধীরে জনপ্রিয়তা পেলেও এর বাস্তবায়নে এখনো নানা চ্যালেঞ্জ রয়েছে। তবু আটটি গুরুত্বপূর্ণ সুবিধার কথা তুলে ধরে মানুষকে এতে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে সরকার। এই কর্মসূচি রাষ্ট্রীয় নিশ্চয়তাপ্রাপ্ত, যেখানে গ্রাহকের চাঁদা লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে মুনাফা বাড়ানোর সুযোগ রয়েছে। ফলে ভবিষ্যতে গ্রাহকের পেনশনের পরিমাণও বাড়তে পারে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত এক কর্মশালায় এই বিষয়গুলো উঠে আসে। এতে সভাপতিত্ব করেন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (তহবিল ব্যবস্থাপনা) মো. গোলাম মোস্তফা।
কর্মশালায় জানানো হয়, পেনশন কর্মসূচি চালুর পর থেকে এখন পর্যন্ত প্রগতি, সমতা, প্রবাস ও সুরক্ষা এই চারটি স্কিমে মোট ৩ লাখ ৭৩ হাজার ৮২২ জন গ্রাহক যুক্ত হয়েছেন। এ সময় চাঁদা হিসেবে জমা হয়েছে ১৭৯ কোটি ৪৩ লাখ টাকা।
সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে বেসামরিক প্রশাসন, রেল এবং প্রতিরক্ষা অর্থ বিভাগের অধীন প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী রয়েছেন। তাঁদের মধ্যে পেনশন সুবিধা পাচ্ছেন ৮ লাখ ৮১ হাজার জন। এ ছাড়া প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত প্রায় ৭৫ লাখ ব্যক্তি এবং ১০ লাখ সিপিএফভুক্ত কর্মী রয়েছেন, যারা এখনো এ পেনশন কাঠামোর আওতায় আসেননি।
প্রবন্ধে পেনশন কর্মসূচিতে আসার কারণ হিসেবে আটটি সুবিধার কথা তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে:
- সর্বজনীন পেনশন কর্মসূচি হচ্ছে রাষ্ট্রীয় নিশ্চয়তাযুক্ত;
- পেনশনের আওতায় পাওয়া যাবে সামাজিক সুরক্ষা।
- গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করা চাঁদা সরকার লাভজনক খাতে বিনিয়োগ করে।
- বিনিয়োগের বিপরীতে মুনাফা বাড়লে গ্রাহকের পেনশনও বাড়বে।
- সরকার বিনিয়োগ করার আগে চাঁদার টাকা ফেরত দেওয়ার সুযোগ রাখা হয়নি।
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে: সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা অনলাইনে এ কর্মসূচি চালুর সুবিধা; মাসিক ভিত্তিতে চাঁদার টাকার বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য হিসাবের সুযোগ এবং কত টাকা চাঁদা দিলে কত টাকা পাওয়া যাবে, তা নির্দিষ্ট করে দেওয়া।
তবে, এ কর্মসূচি বাস্তবায়নে অন্তত ১০টি বড় চ্যালেঞ্জ চিহ্নিত করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। তার মধ্যে রয়েছে: পেনশন কর্মসূচিতে এলে কী সুবিধা পাওয়া যাবে, তা সম্ভাব্য গ্রাহকদের বোঝানোর চ্যালেঞ্জ; তথ্যপ্রযুক্তি (আইটি) পদ্ধতিকে শক্তিশালী করার চ্যালেঞ্জ, সমতা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ। কারণ, এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কাদের বার্ষিক আয় ৬০ হাজার নিচে, তা চিহ্নিত করা কঠিন।
অন্য চ্যালেঞ্জের মধ্যে রয়েছে: কেউ কম্পিউটার পরিচালনা করতে জানেন, কেউ জানেন না। আছে সাইবার নিরাপত্তার বিষয় অর্থাৎ সবকিছুই যেহেতু অনলাইনে করতে হয়, ফলে নিরাপত্তার বিষয়ে চ্যালেঞ্জ রয়েছে। এ ছাড়া প্রগতি কর্মসূচিতে প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ বৃদ্ধি, প্রবাস কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত করার বিষয়ে আগ্রহী করে তোলার চ্যালেঞ্জ।
এসব কাজ করার জন্য দক্ষ ও পেশাগত জনবল নিয়োগ; হিসাবের জন্য ব্যাংক, জাতীয় পরিচয়পত্রের জন্য নির্বাচন কমিশন এবং জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সঙ্গে সংযুক্তিও বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্রাহকদের কাছ থেকে নিয়মিত চাঁদা পাওয়াকে আরেক চ্যালেঞ্জ বলে মনে করছে সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- ইপিএস প্রকাশ করেছে এসিআই
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন