ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিনা খরচে বিদেশ উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে
চীনে সম্পূর্ণ সরকারি অর্থায়নে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে ‘চীনা সরকারি বৃত্তি’ (টাইপ-এ ক্যাটাগরি)-এর আওতায় বাংলাদেশের আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে ঢাকার চীনা দূতাবাস। এ বৃত্তির মাধ্যমে চীনের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার পাশাপাশি ভিজিটিং স্কলার হিসেবেও গবেষণার সুযোগ রয়েছে।
আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের শিক্ষাব্যয়, আবাসন, মাসিক জীবনযাত্রার ভাতা এবং যাতায়াতের বিমানভাড়াসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।
বৃত্তিতে যেসব সুবিধা পাওয়া যাবে
চীনা সরকারি বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পাবেন। বৃত্তির সুবিধার মধ্যে রয়েছে—
বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিনা মূল্যে থাকার ব্যবস্থা।
মাসিক জীবনযাত্রার ভাতা।
বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমানভাড়া।
অর্থাৎ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পড়াশোনার প্রধান ব্যয়গুলো সরকারি অর্থায়নে বহন করা হবে।
যেসব বিষয়ে পড়ার সুযোগ রয়েছে
এই বৃত্তির আওতায় বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, ব্যবসা ও মানবিক শাখাসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য—
প্রকৌশল ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, রোবটিকস, জ্বালানি, পরিবেশবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, আইন, সমাজবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, মানবিক ও কলা।
প্রোগ্রামভেদে পড়াশোনার মাধ্যম হবে ইংরেজি অথবা চীনা ভাষা। তাই আবেদনের আগে পছন্দের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট কোর্সের শিক্ষার মাধ্যম সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
চীনা সরকারি বৃত্তির জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। পাশাপাশি পূর্ববর্তী শিক্ষাজীবনে ভালো ফলাফল এবং শারীরিক ও অন্যান্য নির্ধারিত যোগ্যতা থাকতে হবে।
পর্যায়ভেদে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে—
স্নাতক: ২৫ বছরের নিচে।
স্নাতকোত্তর: ৩৫ বছরের নিচে।
পিএইচডি: ৪০ বছরের নিচে।
আবেদনকারীদের সংশ্লিষ্ট শিক্ষাস্তরের যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
আবেদনের আগে যেসব প্রস্তুতি নিতে হবে
আবেদনের আগে পছন্দের বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে নেওয়া ভালো। বিশেষ করে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি বিভাগ অথবা পছন্দের গবেষণাক্ষেত্রের অধ্যাপকের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্ভব হলে আগাম ভর্তির সম্মতিপত্র বা প্রাথমিক ভর্তির চিঠি সংগ্রহের চেষ্টা করতে হবে। এতে আবেদনপ্রক্রিয়া আরও গোছানোভাবে সম্পন্ন করা সহজ হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
বৃত্তির জন্য আবেদন করতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে—
১. চীনা সরকারি বৃত্তির আবেদনপত্র এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র।
২. বিশ্ববিদ্যালয়ের আগাম ভর্তির সম্মতিপত্র অথবা প্রাথমিক ভর্তির চিঠি, যদি পাওয়া যায় বা প্রয়োজন হয়।
৩. পূর্ববর্তী শিক্ষাজীবনের সব সনদ ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি।
৪. স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের আবেদনকারীদের অধ্যয়ন পরিকল্পনা অথবা গবেষণা প্রস্তাব।
৫. দুটি সুপারিশপত্র।
৬. বৈধ পাসপোর্টের অনুলিপি এবং ভাষাগত দক্ষতার প্রমাণপত্র।
৭. স্নাতক পর্যায়ের আবেদনকারীদের জন্য নির্ধারিত যোগ্যতা পরীক্ষার সনদ।
৮. বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার ফরম।
এ ছাড়া আবেদনকারীর শিক্ষাস্তর ও বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হতে পারে।
যেভাবে আবেদন করবেন, শেষ সময় ১০ জানুয়ারি
আগ্রহী শিক্ষার্থীদের চীনা সরকারি বৃত্তির নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় কর্মসূচির ধরন হিসেবে ‘টাইপ-এ’ নির্বাচন করতে হবে। নির্ধারিত সংস্থা নম্বর হিসেবে ব্যবহার করতে হবে ০৫০১।
এরপর আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সব তথ্য যাচাই করে আগামী ১০ জানুয়ারি ২০২৭-এর মধ্যে আবেদন জমা দিতে হবে।
আবেদন জমা দেওয়ার পর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকার অথবা অন্যান্য বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে হতে পারে। তাই আবেদনকারীদের নিয়মিত সংশ্লিষ্ট ওয়েবসাইট ও দূতাবাসের বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আগ্রহী শিক্ষার্থীদের চীনা সরকারি বৃত্তির নির্ধারিত ওয়েবসাইট।
পড়াশোনা শেষে ক্যারিয়ার গড়ার সুযোগ
চীনে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের ডিগ্রির পাশাপাশি আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং আন্তর্জাতিক কর্মপরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। পড়াশোনা শেষে দেশে ও বিদেশে বহুজাতিক কোম্পানি, শিল্পপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থায় কাজ করার সুযোগ তৈরি হতে পারে।
তবে বৃত্তির মেয়াদ শেষ হলেই চীনে স্বয়ংক্রিয়ভাবে চাকরি কিংবা স্থায়ীভাবে বসবাসের অধিকার পাওয়া যাবে না। সেখানে চাকরি বা বসবাসের জন্য দেশটির প্রচলিত নিয়ম অনুযায়ী আলাদা অনুমতি ও যোগ্যতা অর্জন করতে হবে।
চীনা সরকারি বৃত্তির আবেদন, যোগ্যতা, বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে চীনা দূতাবাসের সরকারি বিজ্ঞপ্তি ও ক্যাম্পাস চায়নার ওয়েবসাইট অনুসরণ করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, বেতন ২,২৭০০০ টাকা