ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
সীমান্তে আ.লীগের পলাতক নেতাদের তৎপরতা, নেপথ্যে কী
নিজস্ব প্রতিবেদক: ভারত-বাংলাদেশ সীমান্তের একাধিক স্থলবন্দর-সংলগ্ন এলাকায় সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন পলাতক শীর্ষ নেতার উপস্থিতির খবর পাওয়া গেছে। জুলাই গণহত্যা মামলার আসামি এসব নেতা চলতি নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও ত্রিপুরার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। গত রোববার (২২ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত এলাকায় এবং বুধবার (২৫ নভেম্বর) আগরতলার কাছে আখাউড়া সীমান্তে তাঁদের দেখা যায়।
বিবিসি বাংলার শনিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা সামনে রেখে দলীয় নেতৃত্ব একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছে। এসব পরিকল্পনার অংশ হিসেবেই পলাতক নেতারা সীমান্ত-সংলগ্ন এলাকাগুলো পরিদর্শন করছেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে কোন পরিকল্পনা চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে, সে সিদ্ধান্ত নেবেন দলীয় প্রধান শেখ হাসিনা।
প্রতিবেদনে আরও বলা হয়, ত্রিপুরায় অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও এসব নেতার আলোচনা হয়েছে। সীমান্ত এলাকা পরিদর্শনে যাওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত দুজন ইতোমধ্যে আগরতলা ছেড়েছেন। অন্যদেরও শুক্রবারের মধ্যে ত্রিপুরা ছাড়ার কথা ছিল।
বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শনে যাওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত-আটজন ছিলেন। তাঁদের কয়েকজন এর আগে পেট্রাপোল সীমান্ত এলাকাতেও গিয়েছিলেন।
তবে দুই সীমান্তেই ভারতীয় নিরাপত্তা বলয়ের ভেতরে প্রবেশ করেননি তাঁরা। বাইরে থেকেই সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। স্থানীয় ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তাঁদের কোনো বৈঠক হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কয়েকটি সূত্রের দাবি, ভারতীয় কর্মকর্তারা সরাসরি না হলেও দূর থেকে তাঁদের চলাচলের ওপর নজর রেখেছিলেন।
ভারত থেকে ফিরছেন দলীয় নেতাকর্মীরা
বিবিসি বাংলার প্রতিবেদনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বরাত দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার আগেই ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতসহ বিভিন্ন দেশে চলে যাওয়া দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কেউ কেউ বাংলাদেশে ফিরতে শুরু করেছেন।
দলীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী ইতোমধ্যে ভারত থেকে দেশে ফিরেছেন। গত দেড় মাসে প্রায় তিন শতাধিক তরুণ ও যুবক বাংলাদেশে ফিরে গেছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। ভারত ছাড়াও অন্যান্য দেশে অবস্থানরত কয়েকজন দেশে ফিরেছেন বলে জানা গেছে।
তবে দেশে ফিরে আসা নেতাকর্মীদের সুনির্দিষ্ট সংখ্যা ও পরিচয় প্রকাশ করতে চাইছেন না দলটির নেতারা। তাঁদের আশঙ্কা, এসব তথ্য প্রকাশ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হতে পারে।
হাসিনার প্রত্যর্পণ ও দেশে ফেরার আইনি জটিলতা
এদিকে বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত দেশটির পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।
সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিষয়টি ভারত সরকার পর্যালোচনা করছে। তবে ভারতের বিভিন্ন বিশ্লেষকের মতে, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
অন্যদিকে, আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা। তবে তাঁকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার সম্ভাবনাও নাকচ করেছে ভারত সরকার। ফলে আইনি প্রক্রিয়ায় তাঁর দেশে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত।
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে ঘিরে আওয়ামী লীগের পলাতক নেতাদের সীমান্ত পরিদর্শন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং দেশে ফেরার প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁর প্রত্যর্পণ ও দেশে ফেরার আইনি প্রক্রিয়া এখনো অনিশ্চিত থাকায় এসব তৎপরতার চূড়ান্ত পরিণতি কী হবে, তা স্পষ্ট নয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ