×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে আওয়ামী লীগের পলাতক নেতাদের তৎপরতা

২০২৬ নভেম্বর ২৮ ০৯:০০:২০

সীমান্তে আওয়ামী লীগের পলাতক নেতাদের তৎপরতা

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন পলাতক শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের একাধিক স্থলবন্দর-সংলগ্ন এলাকায় দেখা গেছে। জুলাই গণহত্যা মামলার আসামি এসব নেতা নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দুটি আন্তর্জাতিক স্থলসীমান্ত পরিদর্শন করেন। গত রোববার (২২ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত এলাকায় যান তাঁরা। এরপর বুধবার (২৫ নভেম্বর) তাঁদের দেখা যায় আগরতলার কাছের আখাউড়া সীমান্তে।

শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা সামনে রেখে একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছে আওয়ামী লীগের নেতৃত্ব। এর অংশ হিসেবেই পলাতক নেতারা সীমান্ত-সংলগ্ন এলাকায় এসব সফর করছেন। তবে কোন পরিকল্পনাটি চূড়ান্ত করা হবে, সে সিদ্ধান্ত নেবেন দলটির নেত্রী শেখ হাসিনা।

বিবিসি বাংলার প্রতিবেদনে আরও বলা হয়, ত্রিপুরায় অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও সফরকারী নেতাদের আলোচনা হয়েছে।

ত্রিপুরার সীমান্ত এলাকায় যাঁরা পরিদর্শনে গিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্তত দুজন এরই মধ্যে আগরতলা ছেড়েছেন। অন্যদের শুক্রবার ত্রিপুরা থেকে ফেরার কথা ছিল।

অন্যদিকে, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কয়েকজন নেতাকর্মীর বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, তাঁদের অনেকেই দেশে ফিরে গ্রেপ্তারসহ যেকোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতি নিয়েছেন। একই সঙ্গে দল ও সহযোগী সংগঠনগুলোর কয়েক শ নেতাকর্মী ইতিমধ্যে ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন।

আখাউড়া সীমান্ত এলাকায় আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতা গিয়েছিলেন, তাঁদের কয়েকজন গত রোববার পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকাতেও গিয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আখাউড়া সীমান্ত এলাকায় যাওয়া নেতাদের মধ্যে জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত-আটজন শীর্ষ নেতা ছিলেন।

তবে দুই সীমান্ত এলাকাতেই তাঁরা ভারতীয় নিরাপত্তাবেষ্টনীর ভেতরে প্রবেশ করেননি। বাইরে থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

স্থানীয় ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের ওই নেতাদের বৈঠক হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কর্মকর্তারা সরাসরি না হলেও দূর থেকে ওই নেতাদের চলাচলের ওপর নজর রেখেছিলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বরাতে বিবিসি বাংলা আরও জানিয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার আগেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কেউ কেউ বাংলাদেশে ফিরতে শুরু করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর যাঁরা ভারতে কিংবা অন্য দেশে চলে গিয়েছিলেন, তাঁদের মধ্য থেকেই কেউ কেউ দেশে ফিরছেন। তবে দেশে ফিরে যাওয়া নেতাকর্মীদের পরিচয় ও সংখ্যা প্রকাশ করতে চান না দলটির নেতারা। তাঁদের আশঙ্কা, তথ্য প্রকাশ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হতে পারে।

ভারত ছাড়া অন্য দেশগুলোতে অবস্থান করছিলেন, এমন কয়েকজনও বাংলাদেশে ফিরেছেন বলে জানা গেছে। তবে তাঁদের সংখ্যা খুবই কম। গত দেড় মাসে প্রায় ৩০০ তরুণ ও যুবক দেশে ফিরেছেন। তাঁরা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ-যুবলীগের মতো সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এদিকে, বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ আবেদন করলেও এখনো ভারতের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল আবারও বলেছেন, বিষয়টি তাঁরা বিবেচনা করছেন। তবে ভারতের বিশ্লেষকেরা বারবারই স্পষ্ট করেছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে—এমন সম্ভাবনা নেই।

অন্যদিকে, একটি ল’ ফার্মের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। তবে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে পাসপোর্ট বা ভ্রমণ-সংক্রান্ত কোনো নথি দেওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে দেশটির সরকার। ফলে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরার পথ এখনো স্পষ্ট নয় পলাতক শেখ হাসিনার।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত