ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ, আবেদন করতে পারবেন অবিবাহিতরা
ডুয়া ডেস্ক: নতুন কোনো দেশ ঘুরে দেখার সুযোগ, তার ওপর বিমানভাড়া, হোটেল ও খাবারসহ পুরো ভ্রমণের খরচও বহন করবে সেই দেশ ভ্রমণপিপাসুদের জন্য এমনই এক ব্যতিক্রমী আয়োজন করেছে ইউরোপের দেশ ফিনল্যান্ড।
দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’ বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিত ব্যক্তিকে চার দিনের বিনা মূল্যের ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত ব্যক্তিরা ফিনল্যান্ডে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি অংশ নেবেন বিশেষ নৈশভোজ ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে। তাঁদের আসা-যাওয়ার বিমান টিকিট, ব্যক্তিগত কক্ষসহ হোটেলে থাকা, খাবার এবং নির্ধারিত কার্যক্রমের সব খরচ বহন করবে ভিজিট ফিনল্যান্ড।
কেন এই আয়োজন
‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই উদ্যোগের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক পর্যটকদের কাছে ফিনল্যান্ডের খাবার ও সংস্কৃতি তুলে ধরা। টানা ৯ বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পাওয়া ফিনল্যান্ডের খাবারদাবার এখনো আন্তর্জাতিক অঙ্গনে তেমন পরিচিতি পায়নি।
চলতি বছরের ২০ অক্টোবর এ আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে ফিনল্যান্ড সরকারের কর্মসংস্থান ও অর্থনীতি মন্ত্রণালয়ের অধীন সরকারি সংস্থা বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ বলেন, ‘এবার আমরা নতুন কিছু অভিজ্ঞতা দিতে ভ্রমণকারীদের আমন্ত্রণ জানাচ্ছি।’
পেছনের কারণ
ফিনল্যান্ডে জনপ্রিয় এক ডেটিং প্রবণতার নাম ‘সিঙ্কুকোরি’, যার অর্থ ‘সিঙ্গেল ঝুড়ি’। দেশটির কিছু সুপারমার্কেটে অবিবাহিত ব্যক্তিরা নিজেদের পরিচয় জানান দিতে গোলাপি রঙের শপিং বাস্কেট ব্যবহার করেন। এর মাধ্যমে তাঁরা অন্যদের জানান যে তাঁরা সঙ্গী খুঁজছেন এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে আগ্রহী।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই ধারণাকেই এবার সুপারমার্কেটের বাইরে নিয়ে এসেছে ফিনল্যান্ডের জাতীয় পর্যটন সংস্থা ভিজিট ফিনল্যান্ড।
কী কী সুযোগ-সুবিধা থাকছে
২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে চার দিনের এই ভ্রমণ আয়োজন অনুষ্ঠিত হবে। নির্বাচিত ১৬ জনের মধ্যে আটজন যাবেন ফিনল্যান্ডের রাজধানী সমুদ্রতীরের হেলসিংকিতে। বাকি আটজনের গন্তব্য দেশটির লেকল্যান্ড অঞ্চলের শহর তাম্পেরে।
আয়োজনের অন্যতম আকর্ষণ বিশেষ নৈশভোজ। প্রতিটি শহরে আটজন আন্তর্জাতিক অতিথির সঙ্গে যোগ দেবেন স্থানীয় দুজন অবিবাহিত ফিনিশ নাগরিক। তাঁদের জন্য দেশটির খ্যাতনামা শেফদের তৈরি বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে।
হেলসিংকির নৈশভোজের মেনু তৈরি করেছেন ক্যাফে সাভোয়ার প্রধান শেফ অ্যাডেলে কিন্নুনেন। তাঁকে ফিনল্যান্ডের ‘মাস্টারশেফ প্রফেশনালস’ অনুষ্ঠানেও দেখা গেছে। অন্যদিকে, তাম্পেরের মেনু তৈরি করেছেন রেস্তোরাঁ ‘গোস্তা’র কর্ণধার এবং মর্যাদাপূর্ণ রন্ধন প্রতিযোগিতা বোকুজ দোরে ফিনল্যান্ডের প্রতিনিধি হেনরি তিক্কানেন।
সত্যিই কি থাকছে ‘ব্লাইন্ড ডেট’-এর সুযোগ
এই আয়োজনে অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দমতো শহর বেছে নিতে পারবেন না। আয়োজকেরা তাঁদের হেলসিংকি অথবা তাম্পেরেতে পাঠাবেন। অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পরই জানা যাবে কে কোন শহরে যাচ্ছেন।
‘ব্লাইন্ড ডেট’ নাম হলেও এখানে কাউকে কারও সঙ্গে জুটি মিলিয়ে দেওয়ার বা ম্যাচমেকিংয়ের ব্যবস্থা নেই। নৈশভোজগুলো সাজানো হয়েছে মূলত দলগত অভিজ্ঞতা হিসেবে, একান্ত ডেট হিসেবে নয়। তাই ভ্রমণে গিয়ে কারও সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হবে, এমন কোনো নিশ্চয়তা দিচ্ছেন না আয়োজকেরা।
আবেদন করবেন যেভাবে
বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত ব্যক্তিরা এ উদ্যোগে আবেদন করতে পারবেন। তবে ফিনল্যান্ডের নাগরিক ও দেশটিতে বসবাসকারীরা এই সুযোগের আওতায় থাকবেন না।
আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে দুটি ধাপে। প্রথমে ইংরেজিতে তৈরি একটি ভিডিওতে একটি প্রশ্নের উত্তর দিতে হবে ‘ডিনার ডেটে আপনি কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’
এরপর ভিডিওটি ইনস্টাগ্রাম, টিকটক অথবা ইউটিউবে প্রকাশ করতে হবে। ভিডিওর সঙ্গে ব্যবহার করতে হবে #FinnishDinnerDate হ্যাশট্যাগ। পাশাপাশি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে ভিজিট ফিনল্যান্ডের অ্যাকাউন্ট ট্যাগ করতে হবে।
যাঁরা ভিডিও সবার জন্য উন্মুক্ত করতে চান না, তাঁদের জন্যও বিকল্প রয়েছে। ইনস্টাগ্রাম ও টিকটকে ভিডিও ‘পাবলিক’ রাখতে হবে। তবে ইউটিউবে ভিডিওটি ‘আনলিস্টেড’ হিসেবে আপলোড করা যাবে। এতে ভিডিওটি সবার সামনে প্রদর্শিত হবে না; শুধু লিংক থাকা ব্যক্তিরাই সেটি দেখতে পারবেন।
দ্বিতীয় ধাপে ভিডিও প্রকাশের পর ভিজিট ফিনল্যান্ডের অফিশিয়াল আবেদন ফরম পূরণ করতে হবে। সেখানে প্রকাশিত ভিডিওর লিংক যুক্ত করতে হবে। আবেদনকারীদের ভিডিও মূল্যায়ন করবে একটি বিচারক প্যানেল। ভিডিওর সৃজনশীলতা, নিজস্বতা এবং প্রশ্নের উত্তরে ব্যক্তিগত অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরার ধরন বিবেচনায় নেওয়া হবে।
বিভিন্ন দেশ, বয়স ও সামাজিক পটভূমির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় আয়োজকেরা। এ কারণে আবেদনকারীদের নিজেদের ধারণ করা ভিডিও ও নিজস্ব অডিও ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
আবেদনের শেষ সময় কবে
আবেদনের শেষ সময় ২০২৬ সালের ১০ নভেম্বর, ফিনল্যান্ডের স্থানীয় সময় বেলা ১১টা ৫৯ মিনিট। বাংলাদেশ সময় অনুযায়ী, একই দিন বেলা ৩টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
নির্বাচিত ১৬ জনের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হবে। পাশাপাশি ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।
তবে নির্বাচিত ব্যক্তিদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ শর্ত। বিজয়ী ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সাড়া না দিলে আয়োজকেরা তাঁর পরিবর্তে অন্য কাউকে ভ্রমণের সুযোগ দিতে পারবেন।
আগ্রহীরা বিস্তারিত নিয়মাবলি ও আবেদনপ্রক্রিয়া জানতে ভিজিট ফিনল্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট (visitfinland.com) ঘুরে দেখতে পারেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন