×

ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণব, অতি তীব্র হওয়ার শঙ্কা

২০২৬ অক্টোবর ২৬ ১৩:০০:৪৬

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণব, অতি তীব্র হওয়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। এটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২৬ অক্টোবর) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

মোস্তফা কামাল পলাশ লিখেছেন, মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি গত ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের সর্বশেষ তথ্য অনুসারে, ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘অর্ণব’। পূর্বনির্ধারিত এই নামটি প্রস্তাব করেছে বাংলাদেশ।

আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার জিপিএম নামের কৃত্রিম ভূ-উপগ্রহ এবং জাপানের হিমাওয়ারি-৯ নামের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, আজ ২৬ অক্টোবর ২০২৬, বাংলাদেশ সময় সকাল ৯টায় ঘূর্ণিঝড় অর্ণবের কেন্দ্রের অবস্থান ছিল প্রায় ১৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ঘূর্ণিঝড়টির চারপাশে বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। দমকা হাওয়াসহ বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার পর্যন্ত উঠেছে।

মোস্তফা কামাল পলাশের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সোমবার সন্ধ্যার পর থেকে মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড় অর্ণব সর্বোচ্চ শক্তি অর্জন করতে পারে। এ সময় এটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে (Very Severe Cyclonic Storm) রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়াসহ এই গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও লিখেছেন, আগামী বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা রাজ্যের মধ্যবর্তী উপকূল দিয়ে দেশটির স্থলভাগে আঘাত হানতে পারে বলে প্রবল আশঙ্কা রয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত