×

ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ডিসেম্বরে আসছে ‘সুপার এল নিনো’, বড় বিপর্যয়ের শঙ্কা

২০২৬ অক্টোবর ০৯ ১৮:৪৭:৩৮

ডিসেম্বরে আসছে ‘সুপার এল নিনো’, বড় বিপর্যয়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’ পূর্ণ রূপ পেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও)। সংস্থাটির মাসিক জলবায়ু বুলেটিনের পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

ডব্লিউএমওর সেক্রেটারি জেনারেল সেলেস্তে সাউলো জানিয়েছেন, ১৯৫০ সালের পর এটি অন্যতম শক্তিশালী ‘সুপার এল নিনো’ হয়ে উঠতে পারে। তাঁর পূর্বাভাস অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে মধ্য ও পূর্ব ট্রপিক্যাল প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় রেকর্ড ৩.৭ ডিগ্রি সেলসিয়াস বা ৬.৭ ডিগ্রি ফারেনহাইট বেশি হতে পারে।

এর আগে ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির সর্বোচ্চ রেকর্ড ছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াস। আসন্ন এল নিনোর প্রভাবে সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। একই সময়ে মহাসাগরগুলোর উষ্ণতা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে থাকায় জলবায়ুর এমন পরিবর্তন বিশ্বজুড়ে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে।

প্রাকৃতিকভাবে সৃষ্ট এই জলবায়ু চক্র পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার স্বাভাবিক ধরন বদলে দেয়। এর প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানে তীব্র খরা কিংবা অতিবৃষ্টির মতো চরম আবহাওয়াজনিত দুর্যোগ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতা ইতোমধ্যে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এদিকে গবেষকেরা আশঙ্কা করছেন, শক্তিশালী এই এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে এবং বড় ধরনের প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত