×

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি, তাপমাত্রা কমার আভাস

২০২৬ নভেম্বর ১৯ ১২:০০:৩৮

বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি, তাপমাত্রা কমার আভাস

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাস অনুযায়ী, দেশের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টি হতে পারে। এর ফলে তাপপ্রবাহের প্রভাব পুরোপুরি কেটে গিয়ে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিডব্লিউওটি জানায়, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বৃষ্টি বলয় আগামী সোমবার পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকবে। আগামী ২০ ও ২১ নভেম্বর বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি হতে পারে।

সংস্থাটি জানায়, প্রথমে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু হয়ে পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়বে। এর মধ্যে খুলনা ও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। পাশাপাশি রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টির প্রভাব তুলনামূলক কম থাকতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, এই বৃষ্টি বলয়ের সময় কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টির আশঙ্কা নেই। তবে দেশের অধিকাংশ এলাকায় দমকা থেকে মাঝারি বাতাস এবং হালকা থেকে মাঝারি বজ্রপাত হতে পারে। ঘূর্ণিঝড় আকভানের দূরবর্তী প্রভাব ও বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর মাঝারি থেকে উত্তাল থাকতে পারে।

এ সময় দেশের আকাশ অধিকাংশ এলাকায় মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টি বেশি সক্রিয় এমন অঞ্চলে একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। তবে পাহাড়ি ঢল বা পাহাড়ধসের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

বিভাগভিত্তিক পূর্বাভাসে আগামী পাঁচ দিনে ঢাকায় ১৪০ থেকে ১৬০ মিলিমিটার, খুলনায় ১৫০ থেকে ১৮০ মিলিমিটার, রাজশাহীতে ১০০ থেকে ১৫০ মিলিমিটার এবং বরিশালে ৮০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া ময়মনসিংহে ৬০ থেকে ৮০ মিলিমিটার, সিলেটে ৫০ থেকে ৭০ মিলিমিটার, চট্টগ্রামে ২০ থেকে ১০০ মিলিমিটার এবং রংপুরে ৩০ থেকে ৭৯ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংস্থাটির মতে, এই বৃষ্টির ফলে দেশের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ কৃষিজমির সেচের চাহিদা পূরণ হতে পারে।

জেলাভিত্তিক পূর্বাভাসে খুলনা বিভাগের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর ও মাগুরায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং রাজশাহী বিভাগের পাবনা ও নাটোর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, দিঘা, বর্ধমান, আসানসোল, বহরমপুর ও ২৪ পরগনার বিভিন্ন এলাকাতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে।

বিডব্লিউওটি আরও জানায়, টানা বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের তাপমাত্রা দ্রুত কমে আসতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে চলতি মৌসুমের তুলনায় আবহাওয়ায় শীতল অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়ার এমন আকস্মিক পরিবর্তনে শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি। তাপমাত্রা কমে যাওয়ায় এসব বয়সী মানুষের সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। তাই তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় গরম কাপড় প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত