×

ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপ

২০২৬ অক্টোবর ২৪ ১১:৫৬:০০

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপ

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড। শনিবার (২৪ অক্টোবর) সংস্থাটির ফেসবুক পেজে এ পূর্বাভাস দেওয়া হয়।

সংস্থাটি জানায়, দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপ, ২৪ থেকে ৩৬ ঘণ্টায় গভীর নিম্নচাপ এবং ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

লঘুচাপের কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার ব্যাসার্ধে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৪৫ কিলোমিটার পর্যন্ত উঠছে। এতে সাগর ধীরে ধীরে উত্তাল হচ্ছে।

বর্তমানে সমুদ্রবন্দরগুলোতে কোনো সতর্ক সংকেত নেই। তবে মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যাওয়া থেকে বিরত থাকার এবং উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি প্রথমে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিকে এবং পরে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ২৮ অক্টোবরের আশপাশে এটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। তবে এখন পর্যন্ত বাংলাদেশে সরাসরি আঘাত হানার আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। এর দূরবর্তী প্রভাবে বাংলাদেশে ২৭ বা ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম থাকতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত