ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
আবুধাবি টি-টেন লিগে খেলতে পারছেন না বাংলাদেশের চার ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক: আবুধাবি টি-টেন লিগের পরবর্তী মৌসুমে বাংলাদেশের চার ক্রিকেটার শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী ও হাবিবুর রহমান সোহানের খেলার কথা ছিল। তবে তাঁদের কাউকেই অনাপত্তিপত্র (এনওসি) দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ঘটনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন টুর্নামেন্টের দল ইউনাইটেড টাইগার্সের মালিক জাফির ইয়াসিন চৌধুরী।
এক বিবৃতিতে ইয়াসিন বলেন, ‘চলতি মৌসুমের আবুধাবি টি-টেন লিগের জন্য ইউনাইটেড টাইগার্সের নির্বাচিত চার বাংলাদেশি ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ার ঘটনায় আমি গভীর হতাশা প্রকাশ করছি।’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘বছরের পর বছর ধরে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা, লঙ্কা টি-টেন সুপার লিগ এবং জিমআফ্রো টি-টেন লিগসহ বিশ্বের বিভিন্ন বড় টুর্নামেন্টে আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলোর মাধ্যমে আমরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া এবং প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি উদীয়মান তরুণ খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ থেকেছি। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায়, চলতি মৌসুমের আবুধাবি টি-টেন লিগের জন্য ইউনাইটেড টাইগার্স চারজন বাংলাদেশি খেলোয়াড়কে নির্বাচন করে। এবারের প্রতিযোগিতায় আমরাই একমাত্র ফ্র্যাঞ্চাইজি, যারা বাংলাদেশি ক্রিকেটারদের দলে নিয়েছে। ফখর জামানের অধিনায়কত্বে আমরা বিশ্বাস করেছিলাম, এই টুর্নামেন্ট তাদের অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার এবং একই ড্রেসিংরুম ভাগাভাগি করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।’
বিসিবির সিদ্ধান্ত নিয়ে হতাশা জানিয়ে ইউনাইটেড টাইগার্সের মালিক বলেন, ‘তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এমন খবর জানা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। বিশেষ করে, আমাদের জানা অনুযায়ী, সংশ্লিষ্ট সময়ে তাদের কোনো আন্তর্জাতিক দায়িত্ব নেই। বাংলাদেশের খেলোয়াড় এবং আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে তাদের সম্পৃক্ততাকে সরাসরি প্রভাবিত করে, এমন বিষয়ে তার নেতৃত্ব থেকে আমরা আরও স্পষ্টতা ও সমন্বয় আশা করেছিলাম।’
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, চার ক্রিকেটারকে না পাওয়ার বিষয়টি শুধু খেলোয়াড় হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে কয়েক মাসের পরিকল্পনা, খেলোয়াড় সংগ্রহ, কৌশলগত প্রস্তুতি এবং উল্লেখযোগ্য আর্থিক বিনিয়োগ জড়িত থাকে। তাঁর ভাষ্য, টুর্নামেন্টে বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে কোনো বিধিনিষেধ থাকলে খেলোয়াড় নিবন্ধন ও ড্রাফটে অংশ নেওয়ার আগেই তা জানানো উচিত ছিল।
ইয়াসিন বলেন, ‘সিদ্ধান্তটি জানানোর আগে পুরো প্রক্রিয়াকে এই পর্যায় পর্যন্ত এগিয়ে যেতে দেওয়ায় সংশ্লিষ্ট পরিকল্পনা, যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। দল গঠন সম্পন্ন হওয়ার পর এবং টুর্নামেন্ট শুরুর মাত্র ১৫ দিন আগে এই সিদ্ধান্ত পাওয়ায় ফ্র্যাঞ্চাইজি, এর মালিকপক্ষ এবং টিম ম্যানেজমেন্ট অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখে পড়েছে।’
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত না হওয়ায় বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, বিপিএল না হওয়ায় আন্তর্জাতিক ও ঘরোয়া—উভয় পর্যায়ের বাংলাদেশি ক্রিকেটাররা ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁরা আর্থিক ক্ষতির পাশাপাশি প্রতিযোগিতামূলক ক্রিকেটের মূল্যবান অভিজ্ঞতা অর্জন, আন্তর্জাতিক তারকাদের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি এবং উচ্চমানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ‘ইউনাইটেড টাইগার্সের হয়ে আবুধাবি টি-টেন লিগে অংশগ্রহণের সুযোগ পেলে এই খেলোয়াড়দের কয়েকজনের জন্য সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ করা সম্ভব হতো। এমন এক সময়ে, যখন তাদের সামনে সুযোগ ইতোমধ্যেই সীমিত হয়ে এসেছে, তখন এই টুর্নামেন্ট তাদের একটি শক্তিশালী আন্তর্জাতিক মঞ্চ, মূল্যবান ম্যাচ খেলার অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠিত বিদেশি খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিত।’
নির্বাচিত কয়েকজন ক্রিকেটারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার কথাও জানিয়েছেন ইউনাইটেড টাইগার্সের মালিক। তিনি বলেন, খেলোয়াড়েরা এ পরিস্থিতি নিয়ে তাঁদের হতাশার কথা জানিয়েছেন। টুর্নামেন্ট চলাকালে কোনো আন্তর্জাতিক দায়িত্ব না থাকলেও আগে থেকে নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় অংশ নিতে না পারায় তাঁদের হতাশ হওয়াটা স্বাভাবিক।
ইয়াসিনের ভাষ্য, নেতৃত্বের পক্ষ থেকে আরও দূরদর্শিতা ও কার্যকর যোগাযোগ থাকলে এ পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। এতে ইউনাইটেড টাইগার্সের পাশাপাশি ক্রিকেটাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশি প্রতিভাদের দলে নিতে আগ্রহী আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিগুলোর আস্থাও ক্ষুণ্ন হতে পারে।
তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতের প্রতিযোগিতাগুলোতে বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোকে বাংলাদেশি খেলোয়াড়দের দলে নিতে নিরুৎসাহিত করতে পারে। খেলোয়াড় সংগ্রহ, পরিকল্পনা ও আর্থিক প্রতিশ্রুতি পূরণের পরও যদি ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে নিশ্চিত হতে না পারে, তাহলে বাংলাদেশি প্রতিভাদের পেছনে বিনিয়োগ করতে তারা অনীহা বোধ করতে পারে। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের খেলোয়াড়দের অংশগ্রহণ, অভিজ্ঞতা অর্জন ও সুযোগের পরিসর সংকুচিত হওয়ার পাশাপাশি তাঁদের দীর্ঘমেয়াদি উন্নয়নও বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বিবৃতিতে ইয়াসিন বলেন, ‘আমরা সব সময় গর্বের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় তুলে ধরেছি। আমাদের লক্ষ্য ছিল খেলোয়াড়দের জন্য সুযোগ সৃষ্টি করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের অবস্থান আরও শক্তিশালী করা। বাংলাদেশে অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার এবং ক্রিকেটের প্রতি অত্যন্ত আবেগপ্রবণ সমর্থকগোষ্ঠী রয়েছে। এমন এক সময়ে, যখন আমাদের খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার আরও বেশি সুযোগ ও পথ তৈরি করা প্রয়োজন, তখন আমরা বিশ্বাস করি, বাংলাদেশের ক্রিকেটের নেতৃত্বের উচিত তাদের ঘিরে আস্থা, স্থিতিশীলতা ও সুযোগ তৈরি করা, অনিশ্চয়তা নয়।’
উল্লেখ্য, আগামী ৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আবুধাবি টি-টেন লিগের পরবর্তী মৌসুম অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ইউনাইটেড টাইগার্সের হয়ে বাংলাদেশের চার ক্রিকেটারের খেলার কথা ছিল।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট দোকানপাট বন্ধ
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- সাড়ে ৯ মাসে ১ হাজার ২৭৫ জনের পুশইন ঠেকানো হয়েছে: বিজিবি