×

ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

ক্রিকেটে ব্যাটে বলের সংযোগ শনাক্তে আসছে নতুন প্রযুক্তি ‘সনিক’

২০২৬ অক্টোবর ২২ ১৭:৪২:০৪

ক্রিকেটে ব্যাটে বলের সংযোগ শনাক্তে আসছে নতুন প্রযুক্তি ‘সনিক’

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে ব্যাটে বল লেগেছে কি না, তা নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে প্রায়ই বিতর্ক তৈরি হয়। বিভিন্ন প্রযুক্তির ব্যবহার এসব বিতর্ক কমাতে সহায়তা করলেও পুরোপুরি নিরসন করতে পারেনি। এমন পরিস্থিতিতে ক্রিকেটে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি ‘সনিক’, যা শব্দ বিশ্লেষণের মাধ্যমে ব্যাটে বলের সংযোগ শনাক্ত করতে তৃতীয় আম্পায়ারকে সহায়তা করবে।

ভারত ও নিউজিল্যান্ডের চলমান সিরিজে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। শব্দ বিশ্লেষণ করে ব্যাটে বল লেগেছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রয়োজনীয় তথ্য দেবে সনিক।

নিউজিল্যান্ডে তৈরি হয়েছে নতুন এ প্রযুক্তি। এর পরীক্ষা ও কার্যকারিতা যাচাইয়ের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা করেই এসব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে সহায়তা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারত ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচের পর পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট অনুষ্ঠিত হবে। এই সিরিজেই প্রথমবারের মতো সনিক ব্যবহারের অনুমোদন দিয়েছে আইসিসি।

ব্যাটে বল লাগলে যে শব্দ তৈরি হয়, তা বিশ্লেষণ করে সম্ভাব্য সংযোগ শনাক্ত করবে সনিক। বিশেষ করে বল ব্যাটে লেগে উইকেটকিপার বা ফিল্ডারের হাতে যাওয়ার আগে আম্পায়ারের চোখে বিষয়টি ধরা না পড়লে সিদ্ধান্ত পর্যালোচনায় এ প্রযুক্তি কাজে আসবে।

ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) মাধ্যমে কোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনার সময় সনিকের বিশ্লেষণ থেকে পাওয়া তথ্য বিবেচনায় নিতে পারবেন তৃতীয় আম্পায়ার। তবে এটি আম্পায়ারের সিদ্ধান্তের বিকল্প নয়। বরং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাড়তি তথ্য দিয়ে তাঁকে সহায়তা করবে প্রযুক্তিটি।

ভার্চ্যুয়াল আইয়ের সরবরাহ করা ডিআরএস ব্যবস্থাতেই যুক্ত হচ্ছে সনিক। বল ট্র্যাকিং প্রযুক্তির জন্য ২০০৮ সালে আইসিসির স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

তবে আপাতত শুধু ভারত-নিউজিল্যান্ড সিরিজেই সনিক ব্যবহারের অনুমতি দিয়েছে আইসিসি। ভবিষ্যতে অন্য কোনো সিরিজে এ প্রযুক্তি ব্যবহার করতে হলে সংস্থাটির কাছ থেকে নতুন করে অনুমোদন নিতে হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত