×

ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বিমানবন্দরে হট্টগোলের মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে

২০২৬ অক্টোবর ০২ ১৮:৩৯:৪৭

বিমানবন্দরে হট্টগোলের মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি উত্তরা বিভাগের ডিসি মো. ইলিয়াস কবির বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।

আজ (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করেন। বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই জেসমিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই মাজেদুল মামলাটি তদন্ত করছেন।

এজাহারে বলা হয়েছে, গত ১ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে মদিনা থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাপক চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। এতে যাত্রীরা লাগেজ পেতে বিলম্বের মুখে পড়েন। একপর্যায়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিলে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে সেখানে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

পরিস্থিতি শান্ত করার চেষ্টা করার সময় মেজর (অব.) আখতারুজ্জামান হঠাৎ ক্ষিপ্ত হয়ে নির্বাহী পরিচালকের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান। এ সময় তিনি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ‘আমি কিন্তু পিটাবো ধইরা’, ‘ঘাড় ধরে বের করে দিব’ বলে প্রকাশ্যে হুমকি দেন। একই সময় বিমান ও পর্যটন মন্ত্রী সম্পর্কেও তিনি চরম অশালীন মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে মেজর আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত (কেপিআই) এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। দায়িত্বে থাকা নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন ভিডিও ধারণে বাধা দিলে মেজর আখতারুজ্জামান তার ওপর ক্ষুব্ধ হন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

এ ছাড়া সাধারণ যাত্রীদের সংগ্রহ করা পবিত্র জমজমের পানির বোতলও তিনি ট্রলি থেকে ছুড়ে ফেলে ক্ষতিসাধন করেন বলে এজাহারে বলা হয়েছে। একই ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন প্রতিনিধির সঙ্গেও তিনি মারমুখী আচরণ করেন।

এজাহারকারীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তের এসব কর্মকাণ্ডে স্পর্শকাতর ও সংরক্ষিত স্থাপনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়। একই সঙ্গে বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

মেজর (অব.) আখতারুজ্জামানের অতীত রাজনৈতিক ক্যারিয়ার ও আচরণ নিয়েও বিতর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, তার সাবেক রাজনৈতিক দল বিএনপি থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভিন্ন সময়ে সর্বমোট ৫ বার তাকে বহিষ্কার করা হয়েছে। বারবার দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগের সাম্প্রতিক ঘটনাটিকেও সংশ্লিষ্টরা তার সেই উচ্ছৃঙ্খল ও বিতর্কিত আচরণের নতুন বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

ইমামুল

ট্যাগ: বিএনপি বিমানবন্দর ডিবি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জামায়াতে ইসলামী ক্যান্টনমেন্ট রাজনৈতিক সংবাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোয়েন্দা পুলিশ বিমানবন্দর থানা ঢাকা-৫ জামায়াত নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গ সরকারি কাজে বাধা বিমানবন্দরে বিশৃঙ্খলা নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব দণ্ডবিধির ধারা মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি উত্তরা বিভাগ মো. ইলিয়াস কবির বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বিমানবন্দর মামলা নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছনা নিরাপত্তা সুপারভাইজারকে মারধর বিমানবন্দরে হুমকি মোহাম্মদ কামাল হোসেন জমজমের পানি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত