ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার অভিযোগের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে ভেরিফিকেশনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা এবং রাজনৈতিক পরিচয়ের কারণে প্রার্থী বাদ দেওয়া বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।
এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। কিন্তু ভেরিফিকেশন শেষে বিভিন্ন জেলার অনেক সুপারিশপ্রাপ্ত প্রার্থী নিয়োগপত্র পাননি বলে অভিযোগ উঠেছে।
চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫-এর আন্দোলনকারীদের প্ল্যাটফর্মের তথ্য তুলে ধরে ছাত্রশিবিরের নেতারা বলেন, ১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি। বাদ পড়া অনেক প্রার্থীর দাবি, তাঁদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড নেই। পাশাপাশি তাঁদের বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণও জানানো হয়নি বলে তাঁরা দাবি করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ভেরিফিকেশনের নামে রাজনৈতিক পরিচয় বা পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততাকে বিবেচনায় নিয়ে কোনো প্রার্থীকে বাদ দেওয়ার অভিযোগ উদ্বেগজনক। বিএনপি ও ছাত্রদলের সঙ্গে প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পৃক্ততা না থাকলে কিংবা পরিবারের কোনো সদস্য জামায়াত বা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সম্পৃক্ত থাকলে নিয়োগ আটকে দেওয়ার অভিযোগ উঠেছে বলেও দাবি করেন ছাত্রশিবিরের নেতারা।
তবে এসব অভিযোগের বিষয়ে বিবৃতিতে কোনো সরকারি তদন্ত, প্রজ্ঞাপন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য উল্লেখ করা হয়নি।
ছাত্রশিবিরের নেতারা আরও অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান, বিচারবিভাগ, মাঠ প্রশাসন ও সচিবালয়সহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ করা হচ্ছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে বলে দাবি করেন তাঁরা।
সংবিধানের ২৯ অনুচ্ছেদে সরকারি চাকরিতে সুযোগের সমতার বিষয়টি উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, কোনো সুস্পষ্ট কারণ না দেখিয়ে মেধাবী তরুণদের চাকরি থেকে বাদ দেওয়া বৈষম্যের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।
তাঁদের ভাষ্য, ভেরিফিকেশন একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হলেও কোনো প্রার্থীকে কোন সুনির্দিষ্ট কারণে বাদ দেওয়া হচ্ছে, সেটি স্বচ্ছভাবে জানানো জরুরি। বর্তমানে ভেরিফিকেশনে কী কী যাচাই করা হবে এবং কোন প্রক্রিয়ায় একজন প্রার্থীকে বাদ দেওয়া হবে, তা স্পষ্ট নয় বলেও অভিযোগ করেন তাঁরা।
ভেরিফিকেশনের পর কোনো প্রার্থীকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ জানানো, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া এবং আপিলের ব্যবস্থা রেখে ভেরিফিকেশন পদ্ধতি পুনর্গঠনের দাবি জানিয়েছেন ছাত্রশিবিরের নেতারা। একই সঙ্গে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
বিবৃতিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দিয়ে দ্রুত যোগদানের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভেরিফিকেশনের নামে বৈষম্যমূলকভাবে বাদ দেওয়ার অভিযোগ থাকা প্রার্থীদের বিষয় পুনঃযাচাই এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগ বাতিলের অভিযোগ তদন্তেরও দাবি জানানো হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে