×

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০২৬ সেপ্টেম্বর ২৪ ২১:০৪:০৪

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্থায়ীভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম (সাবেক ডিআইজি, ঢাকা রেঞ্জ), রাজশাহীর সারদায় সংযুক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামন (সাবেক এসপি, ঢাকা), সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলাম (সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার, ডিএমপি), কক্সবাজার এপিবিএনে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল (সাবেক সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি), ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি এবং কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম (সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থায়ী বরখাস্তের আগে এই ছয় কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

এই ছয় কর্মকর্তার মধ্যে ডিআইজি সৈয়দ নুরুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি এবং অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামও যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন।

অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুলকে একই আদালত ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত