×

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৮:৫৭:৫৯

বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত দ্বাদশ সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও রাশিয়ান ফেডারেশনের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সমঝোতার আওতায় পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব ও সৃজনশীল সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী U Tin Oo Lwin সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক ঐক্য এবং অভিন্ন ঐতিহাসিক বৈশিষ্ট্য নিয়ে উভয় মন্ত্রীর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।

ফোরাম চলাকালে রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম Sputnik International-কে বিশেষ সাক্ষাৎকার দেবেন সংস্কৃতি মন্ত্রী। এতে বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক সম্পদ, বাংলা নববর্ষসহ বিভিন্ন লোকজ উৎসব, পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বাংলা সংগীতের বহুমাত্রিক ধারার পরিচয় তুলে ধরবেন তিনি।

ফোরামের দ্বিতীয় দিন (২৫ সেপ্টেম্বর) বিষয়ভিত্তিক ‘Folk Artisan Craftwork Rebooted’ অধিবেশনে মূল বক্তব্য দেবেন নিতাই রায় চৌধুরী। সেখানে বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্পের পুনর্জাগরণের পাশাপাশি ঐতিহ্যবাহী হস্তশিল্পের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরবেন তিনি।

আগামীকাল বিকেলে অনুষ্ঠেয় ফোরামের Plenary Session-এ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল গত ২২ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ত্যাগ করেন। প্রতিনিধিদলে সংস্কৃতি মন্ত্রণালয়ের ২ জন যুগ্মসচিব রয়েছেন। ২৪-২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক কালচারস ফোরামে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে বিশ্বমঞ্চে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি তুলে ধরা এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে সাংস্কৃতিক কূটনীতি ও দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ তৈরি হবে।

সফর শেষে মন্ত্রী ২৮ সেপ্টেম্বর ২০২৬ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ