×

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আগামী মাস থেকে ব্যাপক হারে জনসংখ্যা নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ শুরু: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৭:৩৪:৪৩

আগামী মাস থেকে ব্যাপক হারে জনসংখ্যা নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ শুরু: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশ বাঁচাতে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ লক্ষ্যেই আগামী মাস থেকে ব্যাপক হারে জনসংখ্যা নিয়ন্ত্রণের পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মনোহরদী উপজেলা অডিটরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নরমাল ডেলিভারির জন্য নতুন নতুন ওষুধ ও মেশিন আনা হচ্ছে। দালালের খপ্পরে পড়ে মায়েদের সিজারের দিকে নিয়ে না যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী শনিবার থেকে পুনরায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। যারা এখনো টিকা নেননি, তাদের সবাইকে বাচ্চাদের টিকা দেওয়ার আহ্বান জানান তিনি।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে। ফ্যাসিস্টরা বলছে, ডিসেম্বরে নাকি তাদের রানিমা দেশে আসবেন। আর রাজাকারা বলছে, ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাই সাবধান থাকতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত