×

ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ভোক্তা স্বার্থ বিবেচনায় নৌভাড়া নির্ধারণ করা হবে: নৌপরিবহন মন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৫:১৮:০৯

ভোক্তা স্বার্থ বিবেচনায় নৌভাড়া নির্ধারণ করা হবে: নৌপরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নৌযানের যাত্রীভাড়া ৮ শতাংশের বেশি বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। দেশের সার্বিক পরিস্থিতি ও সাধারণ মানুষের অর্থনৈতিক চাপ বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬: আজ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি, নৌপরিবহন সচিব জাকারিয়া, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মহিদুল ইসলামসহ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাড়া সমন্বয়ের বিষয়ে নৌপরিবহন মন্ত্রী বলেন, “আপনাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব। আপনাদের মূল্যবান ভোটেই আমরা আজ দেশ পরিচালনার দায়িত্বে এসেছি। তাই সাধারণ মানুষের কষ্ট হয় এমন সিদ্ধান্ত আমরা নেব না।” তিনি জানান, তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত ব্যবসার জন্য নেওয়া হয়নি; বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির কারণেই তেলের দাম বাড়ানো হয়েছে।

লঞ্চ মালিকেরা যাত্রীভাড়া ৫১ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর দাবি জানালেও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিআইডব্লিউটিএ ৭.৮৩ শতাংশ ভাড়া বৃদ্ধির সুপারিশ করেছে। বর্তমানে ১০০ কিলোমিটার পর্যন্ত লঞ্চের ভাড়া কিলোমিটারপ্রতি ২.১৫ টাকা। বিআইডব্লিউটিএর প্রস্তাবিত ভাড়া এ ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ৩.১৮ টাকা।

যাত্রী কল্যাণ সংস্থার প্রতিনিধিরা সরকারের নির্ধারিত ভাড়ার সঙ্গে আরও ৫ শতাংশ যোগ করার অনুরোধ করেন। তবে মন্ত্রী সেই প্রস্তাব নাকচ করে রাষ্ট্রের প্রয়োজনে সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে নৌযান সচল রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি, জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের কারণ তুলে ধরেন। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে তেলের দামের সামঞ্জস্য রাখতে হবে। তা না হলে সীমান্ত দিয়ে তেল চুরি বা পাচারের আশঙ্কা রয়েছে।

যাত্রীসেবার বিষয়ে প্রতিমন্ত্রী কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব ঘাট, নদীবন্দর ও নৌ স্টেশনে যাত্রী হয়রানি ও দুর্নীতি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করা হবে।

মতবিনিময় সভায় যাত্রী সংস্থার প্রতিনিধিরা নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, এ দেশকে বাঁচাতে হলে সবার আগে নদীগুলোকে বাঁচাতে হবে। অতীতে নৌপথের যে চমৎকার রূপ ও ঐতিহ্য (নস্টালজিয়া) ছিল, যৌথ প্রচেষ্টায় তা আবার ফিরিয়ে আনার আশাবাদও ব্যক্ত করেন তাঁরা।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে, যা ১৭.৩৯ শতাংশ বৃদ্ধি। একইভাবে পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা করা হয়েছে, অর্থাৎ ১৮.৫২ শতাংশ বৃদ্ধি।

লঞ্চ পরিচালনার মোট ব্যয়ের ৪৫ শতাংশ জ্বালানি খাতে ব্যয় হয়। তাই নৌযানের ভাড়া সমন্বয়ের ক্ষেত্রে জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টিকেই বিবেচনায় নেওয়া হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত