×

ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

‘রিটেনে পাস করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড আমার কাছে নিয়ে যাইবা’

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৮:১৯:৫১

‘রিটেনে পাস করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড আমার কাছে নিয়ে যাইবা’

নিজস্ব প্রতিবেদক: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় সহযোগিতার জন্য তাঁর সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। রিটেনে পাস করার পর অ্যাডমিট কার্ড তাঁর কাছে নিয়ে যেতে বলেছেন তিনি। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, ‘এই গ্রামের কত ছেলে আছে যারা পরীক্ষা দিয়ে রিটেনে পাস করছে কিন্তু ভাইভায় এলাউ হইতে পারে নাই। চাকরি পায়নি। রিটেনে পাস করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড আমার কাছে নিয়ে যাইবা। আমি যেখানে ফোন করার সেখানে কইরা দেব।’

তিনি বলেন, কেউ রিটেনে উত্তীর্ণ হওয়ার পর তাঁর কাছে এলে চাকরি পাওয়ার জন্য কোথায় যোগাযোগ করতে হবে, সে বিষয়ে তিনি পরামর্শ দেবেন। তাঁর ভাষায়, ‘যখনই রিটেনে পাস করবে, আমি ওই ছেলেটার জন্য যেখানে গেলে চাকরিটা পাবে সেটা বলে দেব।’

নিজের নির্দিষ্ট কিছু কাজকে মানবতার কাজ হিসেবে উল্লেখ করে ফজলুর রহমান বলেন, অসহায় মানুষদের বিষয়ও তাঁকে জানাতে হবে। তিনি বলেন, ‘কিছু মানুষ আছে খুব অসহায়। নিজে অসুস্থ, বউ ছেলে সন্তান অসুস্থ, এইগুলো আমাকে জানাবেন। আমি ঢাকায় নিয়ে যাব তাকে এবং একদম কম পয়সায় চিকিৎসা করা যায় এমন ব্যবস্থা করব।’ তবে কোনো নেতাকে টাকা দিয়ে তাঁর কাছে সুপারিশ নিয়ে গেলে এবং বিষয়টি প্রমাণিত হলে তিনি সহযোগিতা করবেন না বলেও জানান।

ফজলুর রহমান আরও বলেন, ‘আমি যদি খবর পাই যে, কোনো লোক টাকার বিনিময়ে আমার কাছে তদবির করতে আসছে, হের চাকরি যাইব, আর যার চাকরির জন্য টাকা নিয়া তদবির করবে তারও চাকরিও হবে না আল্লাহর দোয়াই লাগে। আর আমি যদি জীবনে আপনার একটা পয়সা খাই, তাইলে আল্লাহ যেন আমাকে হাবিয়া দোজখে নেয়। আমার সন্তানদের যাতে একই অবস্থা হয়। আমার স্ত্রীও যাতে একই অবস্থা হয়। এটা হবে না, কথাটা খুব ক্লিয়ার। কারণ আমার টাকার কোনো দরকার নাই।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত