×

ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ২২ ১২:৪৬:৪৫

জাতিসংঘে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মাহদী আমিন প্রধানমন্ত্রীর এবারের সফরকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশের সাধারণ মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধান হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘে বাংলাদেশের অবস্থান, ভিশন ও স্বার্থ দৃঢ়ভাবে তুলে ধরেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর বাবা-মায়ের দেশপ্রেম, গণমানুষের আবেগ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের প্রতিনিধিত্ব করছেন। এবারের সফরে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা, জাতীয় স্বার্থ সুরক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে বিশ্বনেতাদের সামনে দেশের সুস্পষ্ট অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাঁদের পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তাঁদের সন্তান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার একটি অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব।

সফরের ব্যাপ্তি সম্পর্কে মাহদী আমিন বলেন, অতীতে জাতিসংঘের সফরকে ঘিরে যে দীর্ঘ ও বিশাল বহরের সংস্কৃতি ছিল, বর্তমান প্রধানমন্ত্রী তা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছেন। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া ও ফিরে আসতেই দুই দিন সময় লাগে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানের চার দিন মিলিয়ে পুরো সফরটি ছয় দিনের।

নিউইয়র্কে থাকা চার কর্মদিবসে প্রধানমন্ত্রী বহুমাত্রিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন বলে জানান মাহদী আমিন। এসব আলোচনায় বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে।

মাহদী আমিন আরও বলেন, অতীতে জাতিসংঘ সফরকে কেন্দ্র করে অহেতুক ব্যয় ও বিশাল বহরের যে সংস্কৃতি ছিল, বর্তমান প্রধানমন্ত্রী তা থেকেও সম্পূর্ণভাবে বেরিয়ে এসেছেন। এবারের সফরে আনুষ্ঠানিকভাবে ৩৫ জন রয়েছেন। এর বাইরে সিকিউরিটি, মিডিয়া ও ব্যক্তিগত দায়িত্বে কিছু অত্যাবশ্যকীয় কর্মকর্তা রয়েছেন।

তিনি বলেন, এই প্রতিনিধিদল নিয়ে আসার মূল লক্ষ্য হলো বিশ্বনেতাদের সঙ্গে প্রতিটি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে বাংলাদেশের সার্বভৌম স্বার্থ, সাধারণ মানুষের অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা।

প্রধানমন্ত্রীর পরবর্তী কর্মসূচি সম্পর্কে মাহদী আমিন জানান, বুধবার (স্থানীয় সময়) সকাল ৮টায় জাতিসংঘ মহাসচিব আয়োজিত ওয়েলকাম ব্রেকফাস্ট রিসিপশনে অংশ নেওয়ার মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ৯টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দেবেন তিনি। ওই সেশনে বিশ্বনেতারা উপস্থিত থাকবেন। সফরজুড়ে প্রতিদিনের কূটনৈতিক বৈঠকের সারসংক্ষেপ নিয়মিত গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি একেএম ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. সুজাউদ্দৌলাসহ প্রেস টিমের সদস্যরা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত