×

ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

একসাথে ৪ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা

২০২৬ সেপ্টেম্বর ২২ ১১:০০:১২

একসাথে ৪ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল পৌরসভার পাবলিক মাঠ ও উপজেলা পরিষদের সামনের এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে এসব বিস্ফোরণ ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় এক মিনিটের ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

স্থানীয় বাসিন্দা আবু সায়েম বলেন, তিনি দোকানে কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে দোকান থেকে বেরিয়ে আসেন। পরে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

স্থানীয়দের ধারণা, শহরে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে কারা এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিস্ফোরণের ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত