×

ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয় স্ত্রীকে আত্মহ/ত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুলের ৪ দিনের রিমান্ড

২০২৬ সেপ্টেম্বর ২১ ১৫:৫১:৪১

দ্বিতীয় স্ত্রীকে আত্মহ/ত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুলের ৪ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার দিনের এবং তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলাম এ আদেশ দেন।

দুই আসামির প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিল পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন।

সোমবার বেলা ২টা ২০ মিনিটের দিকে একটি গাড়িতে করে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসে পুলিশ। পরে তাঁদের আদালতে হাজির করা হয়।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটটি গাজী নজরুল ইসলামের। সেখানে তিনি তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন। এ ঘটনায় রোববার গভীর রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

পুলিশ সোমবার সকালে জানায়, এ মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামি ওবায়দুর রহমান পলাতক রয়েছেন।

সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা জানান, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরিয়ম খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত