×

ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে ভারী বৃষ্টিতে ডুবেছে বিভিন্ন সড়ক-অলিগলি

২০২৬ সেপ্টেম্বর ২০ ০৯:৫২:০৮

রাজধানীতে ভারী বৃষ্টিতে ডুবেছে বিভিন্ন সড়ক-অলিগলি

নিজস্ব প্রতিবেদক: রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে রামপুরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। পরে বাতাসের তীব্রতা কমে এলেও ক্ষণে ক্ষণে বজ্রপাতের পাশাপাশি বজ্রসহ বৃষ্টি চলতে থাকে। এতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যায়।

টানা ভারী বৃষ্টিতে মুগদা, খিলগাঁও, সবুজবাগ, গোড়ান, মানিকনগর, তালতলা, মতিঝিল, মালিবাগ, আরামবাগ, গুলিস্তান ও পল্টনসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানি জমেছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ নগরবাসী চরম দুর্ভোগে পড়েন।

খিলগাঁওয়ের সিপাহীবাগ, মুগদা ও গোড়ানের বিভিন্ন সড়কও পানিতে ডুবে যায়। মানিকনগরের ব্যবসায়িক এলাকার অনেক দোকানে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। আরামবাগ মোড় থেকে ফকিরাপুল ও কাকরাইল সড়কের বিভিন্ন অংশে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে। মালিবাগে প্রধান সড়ক ও ফুটপাত ছাপিয়ে বিভিন্ন দোকানেও পানি ঢুকে পড়ে।

জলাবদ্ধতার প্রভাব পড়ে রিকশা ও গণপরিবহন চলাচলেও। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক যাত্রী যানবাহন পাননি। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন।

মতিঝিলের রিকশাচালক মোতালেব হোসেন বলেন, পানি এত বেশি যে প্যাডেল মারা যায় না। আবার কোথাও সড়কে গর্ত রয়েছে কি না, সেটিও বোঝা যায় না।

গোড়ান এলাকার বাসিন্দা মো. সোহাগ বলেন, এক ঘণ্টা অপেক্ষা করেও রিকশা পাইনি। পেলেও স্বাভাবিক ভাড়ার দ্বিগুণের বেশি চাওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নালা-নর্দমা ও পাইপলাইনে জমে থাকা ময়লা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবের কারণে বর্ষা মৌসুমে প্রতিবছরই জলাবদ্ধতার পুনরাবৃত্তি হচ্ছে।

গোড়ান রোডের বাসিন্দা তানজিল হোসেন বলেন, ছোটবেলা থেকেই এ এলাকায় জলাবদ্ধতা দেখে আসছি। বড় বড় পাইপ বসানো হলেও সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন বর্জ্য পাইপে জমে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে।

আরেক বাসিন্দা আব্দুল মালেক বলেন, নতুন ড্রেন নির্মাণ করেই অনেক ক্ষেত্রে দায়িত্ব শেষ করা হয়। নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় এবং খোলা ডাস্টবিনের বর্জ্য পাইপলাইনে জমে থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়।

দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে রাজধানীর জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত