×

ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৬:২৯:০৯

জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শতাধিক নেতাকর্মী ও সমর্থককে নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলেকজান্ডার পৌর এলাকার দিদার প্রফেসরের বাড়ির উঠানে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তাঁরা ধানের শীষের রাজনীতিতে যুক্ত হন।

হাসান মাহমুদ রাসেলের নেতৃত্বে তাঁরা বিএনপিতে যোগ দেন। তিনি রামগতি পৌরসভা জামায়াতে ইসলামীর একটি ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিএনপিতে যোগ দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন হাসান মাহমুদ রাসেল। তিনি বলেন, বাকি জীবন বিএনপির সঙ্গে থেকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যেতে চাই।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগতি উপজেলা আমির মাওলানা আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার তাঁর মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে, মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতারা নতুন যোগদানকারীদের উষ্ণ অভ্যর্থনা জানান। একই সঙ্গে আগামী দিনে দলের সব সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে তাঁদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তাঁরা।

যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতা ও মেয়র প্রার্থী শাহেদ আলী পটুসহ রামগতি পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত