ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
ঢাকায় ২০০ বৈদ্যুতিক বাস কিনবে সরকার, নারীদের জন্য ১০০: সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঢাকার গণপরিবহনকে পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সড়কমন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী ইভি বাসগুলো সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে কেনা হবে। সাধারণ প্রক্রিয়ায় অনুমোদন, টেন্ডারসহ আন্তর্জাতিক ক্রয় কার্যক্রম শেষ করতে অন্তত দেড় বছর সময় লাগতে পারে। পরিবেশবান্ধব গণপরিবহন দ্রুত চালুর লক্ষ্যেই সরাসরি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় ১৩টি রুটে ১৪টি নতুন বাস চালু করা হচ্ছে। ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস চলাচল করবে। পর্যায়ক্রমে বাসের সংখ্যা ও রুট বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
শেখ রবিউল আলম বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে ইভি বাস গুরুত্বপূর্ণ। ঢাকায় মাল্টিমোডাল যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাতেও এসব বাস ভূমিকা রাখবে।
নারীদের গণপরিবহনে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু বাসে ওঠার পর নয়, বাসের জন্য অপেক্ষা করা এবং গন্তব্যে নেমে যাওয়ার সময়ও নারীদের নিরাপদ পরিবেশ দিতে হবে। বাসে ওঠানামার সময় হয়রানি বা অনিরাপদ পরিস্থিতি তৈরি হলে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ কমে যেতে পারে।
মন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। রাষ্ট্র ও অর্থনীতিতে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের সক্ষমতা কাজে লাগাতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বিআরটিসির বর্তমান ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, সংস্থাটি বর্তমানে ৫০০টির বেশি বাস পরিচালনা করছে এবং মোট বাসের সংখ্যা প্রায় ১ হাজার ২০০ বা তার বেশি। বর্তমানে বিআরটিসি লোকসানে নেই, বরং ব্রেক-ইভেন অবস্থায় রয়েছে। তবে ব্যবস্থাপনা, পরিচালনা ও সেবার মান আরও উন্নত করা প্রয়োজন।
নারীদের বাসসেবা অতীতের কিছু উদ্যোগের মতো অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, উদ্বোধনের পরও নিয়মিতভাবে সেবার মান বাড়াতে হবে এবং ব্যবস্থাপনায় ধারাবাহিক উন্নয়ন করতে হবে।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।
নারীদের জন্য নিরাপদ পরিবহনসেবা চালুর পাশাপাশি পরিবেশবান্ধব গণপরিবহন সম্প্রসারণের মাধ্যমে ঢাকার পরিবহনব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্যেই সরকারের এ উদ্যোগ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত