ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
২৩ বছরের যুদ্ধের অবসান! ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ২৩ বছরের সামরিক উপস্থিতির পর ইরাক থেকে পুরোপুরি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে ইরাক সরকার। বুধবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ সময়সীমা নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ইরাকে ইসলামিক স্টেট (আইএস)বিরোধী বৈশ্বিক জোটের সামরিক অভিযান শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব বিদেশি সেনা ইরাক ত্যাগ করবে। ফলে আগামী ১ অক্টোবর থেকে দেশটিতে আর কোনো বিদেশি সেনার উপস্থিতি থাকবে না। দিনটিকে ইরাকের জন্য ঐতিহাসিক হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে প্রধানমন্ত্রী আলী আল জাইদির বৈঠকের পর সেনা প্রত্যাহারের এই সময়সীমা নির্ধারণ করা হয়। গত জুলাইয়ের মাঝামাঝি ওয়াশিংটন সফরের সময় ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
বুধবারের বিবৃতিতে আরও বলা হয়, সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র ও ইরাক একে অপরের সার্বভৌমত্ব ও দ্বিপাক্ষিক স্বার্থের প্রতি সম্মান জানিয়ে সম্পর্ক এগিয়ে নেবে। একই সঙ্গে অর্থনীতি ও নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির শুরু ২০০৩ সালে। ওই বছরের ১৯ মার্চ সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে দেশটিতে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। প্রায় নয় মাস পর সাদ্দাম হোসেন গ্রেপ্তার হন। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ভোরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তবে সাদ্দাম হোসেনের মৃত্যুর পরও ইরাকে মার্কিন সেনা উপস্থিতি অব্যাহত থাকে। পরবর্তী সময়ে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের উত্থান ঘটলে সংগঠনটির বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য ইরাকে মার্কিন ও মিত্রবাহিনীর সামরিক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান, আইএসকে পরাজিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ইরাক ও জোটের অংশীদাররা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বর্তমানে ইরাকে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলো মোকাবিলায় ইরাকি নিরাপত্তা বাহিনী যথেষ্ট সক্ষম বলেও মন্তব্য করেন তিনি।
তবে ইরাকে বর্তমানে ঠিক কতজন মার্কিন সেনা মোতায়েন রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি পেন্টাগনের ওই কর্মকর্তা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)