ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়াকে বাধা মামলায় জগলুল পাশার সাতদিনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পিপার স্প্রে ব্যবহার করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।
এর আগে গত ৪ আগস্ট রাত দেড়টার দিকে বসুন্ধরার একটি বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর আনোয়ার হোসেন। ওইদিন আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার এজাহারভুক্ত ১৭ নম্বর আসামি জগলুল পাশাকে জিজ্ঞাসাবাদ করলে মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অন্যান্য পলাতক আসামিকে গ্রেপ্তারে সহায়ক তথ্য পাওয়া যেতে পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে তাকে আদালতের এজলাসে আনা হয়। এ সময় তার মাথায় হেলমেট, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হাতে হাতকড়া ছিল। পরে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দিলে তিনি কাঠগড়ার সামনে দাঁড়ান।
শুনানিতে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন ডিবির গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর আনোয়ার হোসেন। পরে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, গুলশানের বাসভবন থেকে যেন খালেদা জিয়া বের হতে না পারেন, সে জন্য বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা হয়। তিনি দাবি করেন, পিপার স্প্রে নিক্ষেপ করে তাকে হত্যার চেষ্টা করা হয় এবং এসব ঘটনার মূল পরিকল্পনায় ছিলেন জগলুল পাশা। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন জানান। তিনি বলেন, ৭১ বছরের জীবনে তার মক্কেল কখনো রাজনীতি করেননি। ঘটনার সময় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন এবং ২০১৫ সালের ২ মার্চ অবসরে যান। তিনি দাবি করেন, মামলার ঘটনার বিষয়ে তার মক্কেল কিছুই জানেন না এবং ঘটনাস্থলেও যাননি। তাই রিমান্ডে নিলেও কোনো তথ্য পাওয়া যাবে না।
এর জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার জাল নথি তৈরির কাজও এ আসামির তত্ত্বাবধানে হয়েছিল এবং ওই মামলায় তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জগলুল পাশার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে জগলুল পাশাকে মুচকি হাসতে দেখা যায়। আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথেও তার মুখে হাসি ছিল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কিছুই বলার নেই। আমি কি বলবো।’
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ এজাহারভুক্ত ১১১ জন এবং অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জন মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে অবস্থান নেন। অভিযোগে আরও বলা হয়, তারা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করেন, রাস্তায় অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করেন এবং খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টায় খালেদা জিয়া সফরসঙ্গীদের নিয়ে সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে আসামিরা রাস্তা আটকে দেন এবং বালুর ট্রাকসহ বিভিন্ন ট্রাক দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন। অভিযোগে আরও বলা হয়, একাধিকবার চেষ্টা করেও তিনি বের হতে পারেননি এবং হত্যার উদ্দেশ্যে নিষিদ্ধ পিপার স্প্রে ব্যবহার করা হলে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা নেতাকর্মীরা আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের অক্টোবর মাসে গুলশান থানায় মামলা দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর