×

ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

‘ওয়াই-টাইপ’ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত সরকারের

২০২৬ নভেম্বর ০৯ ১৬:৪৬:৩৮

‘ওয়াই-টাইপ’ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক: বিশেষ নকশার ‘ওয়াই-টাইপ’ (Y-Type) দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ৩ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট তিনটি মেগা প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

‘ওয়াই-টাইপ’ সেতু বলতে ইংরেজি ‘Y’ অক্ষরের আদলে তৈরি বিশেষ বহুমুখী অবকাঠামোকে বোঝায়। এ ধরনের সেতু একই সঙ্গে তিনটি পৃথক অঞ্চলকে একটি সংযোগবিন্দুতে যুক্ত করে সরাসরি যাতায়াতের সুযোগ তৈরি করে।

দ্বিতীয় পদ্মা সেতু মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট পয়েন্টে নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেতুটি ইংরেজি ‘Y’ অক্ষরের আদলে বা ত্রিমুখী জংশন হিসেবে নির্মাণের জোরালো স্থানীয় দাবি ও প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে উত্তরবঙ্গের পাবনার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন সম্ভব হবে। এ ছাড়া প্রস্তাবিত পদ্মা ব্যারাজ প্রকল্পের সঙ্গে সমন্বয় রেখেই এই মেগা প্রকল্প বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) সূত্রে জানা গেছে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য রাজবাড়ী, পাবনা ও মানিকগঞ্জ এই তিন জেলার সীমান্ত ও নদী অববাহিকাকে ঘিরে তিনটি সম্ভাব্য পয়েন্ট এবং পুরো এলাকাজুড়ে সম্ভাব্যতা সমীক্ষা চালানো হচ্ছে। বিদ্যমান প্রথম পদ্মা সেতু থেকে উজানের দিকে প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার দূরে রাজবাড়ী-পাবনা পয়েন্ট, মানিকগঞ্জ-রাজবাড়ী এবং পাটুরিয়া-দৌলতদিয়া রুট বিবেচনায় নেওয়া হয়েছে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতেই উপযুক্ত স্থান চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তের পর দ্বিতীয় পদ্মা সেতুর অবস্থান নির্ধারণে মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা জেলা-সংলগ্ন তিনটি নির্দিষ্ট রুট বা পয়েন্ট প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরামর্শক দল পুরো এলাকাজুড়ে ভূ-প্রাকৃতিক ও হাইড্রোগ্রাফিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্প এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। পদ্মা সেতুর ওয়াই-টাইপ দ্বিতীয় সেতুও নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে যমুনায় দ্বিতীয় সেতু নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। নির্বাচনি ইশতেহারেও এসব প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করেছে সরকার।

তিনি আরও বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নের আগে সমন্বিত পরিকল্পনা এবং ভৌত কাজের মধ্যে সামঞ্জস্য তৈরির জন্য সভাটি অনুষ্ঠিত হয়েছে। পদ্মা ব্যারাজের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি যোগাযোগের ক্ষেত্রেও এটি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এ বিষয়টি বিবেচনায় রেখেই ব্যারাজের পরিকল্পনা করা হচ্ছে।

পদ্মা ব্যারাজ ও ওয়াই-টাইপ সেতুর মধ্যে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে কি না, কিংবা একটি অন্যটির পরিপূরক হিসেবে কাজ করতে পারবে কি না, তা নিয়েও সভায় আলোচনা হয়েছে। পরে সিদ্ধান্ত হয়, পদ্মা ব্যারাজের পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে ওয়াই-টাইপ দ্বিতীয় সেতুও নির্মাণ করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ