ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
কুয়েতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শ্রম, কৃষি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, খনিজ ও খনন এবং প্রতিরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে পাকিস্তান ও কুয়েত।
বুধবার (২৯ জুলাই) ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে (এমওএফএ) অনুষ্ঠিত প্রতিনিধি পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার ইসলামাবাদ পৌঁছান কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ। সফরের মূল লক্ষ্য ছিল পাকিস্তান-কুয়েত সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ।
বিবৃতিতে বলা হয়, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শ্রম, কৃষি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, খনিজ, প্রতিরক্ষা এবং সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন।
এ সময় উভয় পক্ষ নিয়মিত উচ্চপর্যায়ের সফর এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সহযোগিতাকে আরও কাঠামোবদ্ধ করার বিষয়ে সম্মত হয়। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সরকার ও জনগণের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। তিনি কোভিড-১৯ মহামারির সময় কুয়েতকে দেওয়া পাকিস্তানের সহযোগিতারও প্রশংসা করেন।
ইসহাক দার বলেন, কুয়েতের সঙ্গে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়। সব ক্ষেত্রে পারস্পরিক লাভজনক অংশীদারত্ব আরও সম্প্রসারণে দেশটি আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।
দুই পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিনের সাম্প্রতিক পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করেন। এ সময় শেখ জারাহ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
এদিকে, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের বিনিময়ে কুয়েতের সঙ্গে আরও বিস্তৃত একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে পাকিস্তান। তবে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বৃদ্ধি পেলে তা জটিল হয়ে উঠতে পারে।
২০২৩ সাল থেকে প্রশিক্ষণ ও যৌথ সামরিক মহড়াভিত্তিক সীমিত প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে পাকিস্তান ও কুয়েতের মধ্যে। বর্তমানে কুয়েত, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতার আদলে আরও বিস্তৃত একটি চুক্তিতে আগ্রহী। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তার দাবি, এতে হাজার হাজার পাকিস্তানি সেনা মোতায়েন, যুদ্ধবিমান, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য প্রতিরক্ষা সুবিধা অন্তর্ভুক্ত থাকতে পারে।
তবে পাকিস্তান এত বিস্তৃত প্রতিরক্ষা সহযোগিতায় সম্মত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। কারণ, সৌদি আরবের সঙ্গে দেশটির প্রতিরক্ষা সম্পর্ক কয়েক দশকের কৌশলগত মিত্রতার ভিত্তিতে গড়ে উঠেছে।
সম্প্রতি ইরানের পক্ষ থেকে কুয়েত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) কয়েকটি দেশের ওপর নতুন করে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)