ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
চ্যাটজিপিটিতে যুক্ত হলো ‘হেলথ’ ফিচার
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটিতে ‘হেলথ’ নামে নতুন একটি সুবিধা চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটজিপিটিকে সরাসরি ‘অ্যাপল হেলথ’ এবং নির্দিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মেডিকেল রেকর্ডের সঙ্গে সংযুক্ত করা যাবে। ফলে ব্যবহারকারীরা আরও ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ও সহায়তা পাবেন।
নতুন ফিচারটি যুক্তরাষ্ট্রে অবস্থানরত ১৮ বছর বা তার বেশি বয়সী নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ওয়েবের পাশাপাশি আইওএস ডিভাইসে চ্যাটজিপিটির ফ্রি, গো, প্লাস এবং প্রো গ্রাহকেরা সাইডবারের ‘হেলথ’ সেকশন থেকে এটি ব্যবহার করতে পারবেন।
ওপেনএআই জানিয়েছে, সম্পূর্ণ নিরাপত্তাবেষ্টনীর মধ্যে ব্যবহারকারীরা তাদের ওষুধ সেবনের তালিকা, ল্যাব পরীক্ষার ফলাফল, চিকিৎসকের কাছে সাম্প্রতিক পরিদর্শনের তথ্য, ঘুমের তথ্য এবং শারীরিক কর্মকাণ্ডের উপাত্ত চ্যাটজিপিটিতে যুক্ত করতে পারবেন। এরপর চ্যাটজিপিটি এসব তথ্য বিশ্লেষণ করে সময়ের সঙ্গে ল্যাব ফলাফলের তুলনা, পূর্ববর্তী চিকিৎসা-পরামর্শের পর শারীরিক পরিবর্তনের সারসংক্ষেপ এবং দৈনন্দিন অভ্যাসের সঙ্গে স্বাস্থ্যের উপাত্তের সম্পর্ক ব্যাখ্যা করতে সক্ষম হবে।
তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, এই সুবিধা কোনো পেশাদার চিকিৎসকের বিকল্প নয়। বরং ব্যবহারকারীদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় সহায়তা করা এবং একই তথ্য বারবার যুক্ত করার ঝামেলা কমানোই এর মূল উদ্দেশ্য।
ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে ৩০ কোটিরও বেশি মানুষ স্বাস্থ্যবিষয়ক নানা প্রশ্নের উত্তর জানতে চ্যাটজিপিটি ব্যবহার করেন। এই ব্যাপক চাহিদার কথা বিবেচনায় নিয়েই আলাদা কোনো অ্যাপ তৈরি না করে বিদ্যমান চ্যাট অভিজ্ঞতার মধ্যেই স্বাস্থ্যসেবাসংক্রান্ত এই সুবিধা যুক্ত করা হয়েছে।
স্বাস্থ্যবিষয়ক আলাপ আরও নির্ভুল করতে এআই মডেলেও পরিবর্তন আনা হয়েছে। বিনামূল্যে ব্যবহারযোগ্য ফ্রি প্ল্যানে থাকা ‘জিপিটি-৫.৫ ইন্সট্যান্ট’ মডেলকে উন্নত করা হয়েছে, যাতে এটি জরুরি চিকিৎসার প্রয়োজন দ্রুত শনাক্ত করতে, অনিশ্চিত বিষয়গুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করতে এবং জটিল চিকিৎসাবিষয়ক পরিভাষা সহজ ভাষায় তুলে ধরতে পারে।
অন্যদিকে, পেইড বা প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু করা হয়েছে ‘জিপিটি-৫.৬ সোল’ মডেল। ওপেনএআইয়ের দাবি, জটিল শারীরিক সমস্যা ও চিকিৎসাসংক্রান্ত কঠিন প্রশ্নের যুক্তিনির্ভর উত্তর দিতে এটি তাদের সবচেয়ে উন্নত এআই মডেল। মডেলটি তৈরি করতে শত শত চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে, যাতে চিকিৎসাসংক্রান্ত তথ্যের নির্ভুলতা, নিরাপত্তা, যথাযথ উপস্থাপন এবং গুরুতর স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করার সক্ষমতা নিশ্চিত করা যায়।
গোপনীয়তা ও তথ্য সুরক্ষা
ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওপেনএআই। সংস্থাটির দাবি, অ্যাপল হেলথের উপাত্ত, মেডিকেল রেকর্ড এবং সেসব তথ্যের ভিত্তিতে হওয়া কথোপকথন এআই মডেলের প্রশিক্ষণ বা কোনো বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হবে না।
এ ছাড়া স্বাস্থ্যসংক্রান্ত সংবেদনশীল তথ্য সাধারণ চ্যাটজিপিটির কথোপকথন থেকে সম্পূর্ণ আলাদা রাখা হবে এবং অতিরিক্ত এনক্রিপশন সুরক্ষা দেওয়া হবে। ব্যবহারকারীর স্পষ্ট অনুমতি ছাড়া চ্যাটজিপিটি কোনো স্বাস্থ্যতথ্যে প্রবেশ করতে পারবে না।
ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় তাদের হেলথ অ্যাকাউন্ট বিচ্ছিন্ন করতে পারবেন। অ্যাকাউন্ট বিচ্ছিন্ন করার ৩০ দিনের মধ্যে ওপেনএআইয়ের সিস্টেম থেকে সংশ্লিষ্ট সব তথ্য মুছে ফেলা হবে। তবে ব্যবহারকারী নিজে না মুছলে আগের চ্যাট ইতিহাস সংরক্ষিত থাকবে। পাশাপাশি যুক্ত করা স্বাস্থ্য রেকর্ড থেকে এআই নিজে থেকে কোনো ‘মেমোরি’ তৈরি করবে না। অতিরিক্ত গোপনীয়তার জন্য ‘টেম্পোরারি চ্যাট’ ব্যবহারের সুবিধাও রাখা হয়েছে।
বর্তমানে এই ফিচারটি অ্যাপল হেলথের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু হাসপাতাল নেটওয়ার্ক, ‘ওয়ান মেডিকেল’ এবং ‘ফাংশন হেলথ’-এর সিস্টেমে সমর্থন দিচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশ কিংবা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি কবে চালু হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি ওপেনএআই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা
- ২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, কোন ৬ দেশ খেলবে সরাসরি?
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- মেসির অশ্রু দেখে যা বললেন স্পেন অধিনায়ক রদ্রি
- বিশ্বকাপে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? যা বলছে ফিফা
- যে কারণে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারল আর্জেন্টিনা
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল