×

ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

ফেসবুকে আসছে বড় পরিবর্তন

২০২৬ অক্টোবর ২১ ১০:৪৮:৩৬

ফেসবুকে আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে পোস্ট, ছবি, ভিডিও ও রিলস কত মানুষের কাছে পৌঁছাচ্ছে, তা পরিমাপের পরিচিত মেট্রিক ‘রিচ’ বন্ধ হতে যাচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে চালু হবে ‘ভিউয়ারস’ মেট্রিক। এ পরিবর্তনের ফলে ফেসবুক পেজ পরিচালনাকারী, কনটেন্ট নির্মাতা, সংবাদমাধ্যম ও ডিজিটাল বিপণনকর্মীদের কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণের পদ্ধতিতে পরিবর্তন আসবে।

ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে। এত দিন কোনো পোস্ট বা কনটেন্ট কতটি পৃথক অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা পরিমাপ করতে ‘রিচ’ মেট্রিক ব্যবহার করা হতো। তবে ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে এ মেট্রিক আর পাওয়া যাবে না। এর পরিবর্তে কোনো কনটেন্ট কতটি অ্যাকাউন্ট দেখেছে, তা পরিমাপ করা হবে ‘ভিউয়ারস’ মেট্রিক দিয়ে।

নতুন ব্যবস্থায় ফেসবুকের বিভিন্ন ধরনের কনটেন্টের দর্শকসংখ্যা ও কার্যকারিতা বিশ্লেষণ করা যাবে। পোস্ট, ছবি, ভিডিও ও রিলসের দর্শকসংক্রান্ত পরিসংখ্যান বুঝতে পারবেন পেজ পরিচালকেরা। ফলে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়ন এবং ভবিষ্যতের জন্য কনটেন্ট পরিকল্পনা তৈরিতে এ মেট্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ পরিবর্তনের প্রভাব পড়তে পারে ফেসবুকনির্ভর বিভিন্ন পেশার মানুষের কাজেও। বিশেষ করে সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীরা ফেসবুকের পরিসংখ্যান বিশ্লেষণ করে কনটেন্টের জনপ্রিয়তা যাচাই করেন এবং প্রচারের কৌশল নির্ধারণ করেন। নতুন মেট্রিক চালু হলে তাঁদের তথ্য বিশ্লেষণের পদ্ধতিতেও পরিবর্তন আনতে হতে পারে।

তবে ‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতিতে পার্থক্য থাকলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের তুলনা করা কঠিন হতে পারে। এতে কনটেন্টের দীর্ঘমেয়াদি কার্যকারিতা বিশ্লেষণ এবং আগের বিপণন কৌশল কতটা সফল ছিল, তা মূল্যায়নের ক্ষেত্রে নতুন করে হিসাব করার প্রয়োজন দেখা দিতে পারে।

এ পরিস্থিতিতে ফেসবুক পেজ পরিচালকদের পুরোনো পরিসংখ্যান ও প্রতিবেদন সংরক্ষণের পাশাপাশি নতুন মেট্রিকের হিসাবপদ্ধতি সম্পর্কে ধারণা নেওয়া প্রয়োজন। এতে পরিবর্তন কার্যকর হওয়ার পরও কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ ও বিপণন পরিকল্পনা তৈরির ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত