ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
এআই দিয়ে বই লিখে জিততে পারবেন সাহিত্য পুরস্কার
নিজস্ব প্রতিবেদক: দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার ক্রমেই বাড়ছে। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট তৈরি, গবেষণা কিংবা পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা—বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিটির ব্যবহার এখন পরিচিত। এরই মধ্যে এআইয়ের সহায়তায় লেখা সাহিত্যকর্মের জন্য নতুন একটি পুরস্কার চালু করেছেন ফ্রান্সের তিন উদ্যোক্তা। ‘প্রি পাসকাল দ্য লিতেরাতুর আইএ’ (Prix Pascal de Littérature IA) নামের এই পুরস্কারে বিজয়ী লেখকের বই প্রকাশের সুযোগ থাকবে। বিশ্বের যেকোনো দেশের লেখক এআইয়ের সহায়তায় লেখা পাণ্ডুলিপি জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে এই পুরস্কারের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে নভেম্বরের শেষ পর্যন্ত। প্রতিযোগীদের ১০ হাজার থেকে ৫০ হাজার শব্দের একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি জমা দিতে হবে। একই সঙ্গে পাণ্ডুলিপি তৈরিতে কোন এআই মডেল ব্যবহার করা হয়েছে এবং কী ধরনের প্রম্পট দেওয়া হয়েছিল, সে তথ্যও জানাতে হবে।
চ্যাটজিপিটি, ক্লদ, জেমিনি ও এলএলএএমএসহ প্রধান সব ভাষাভিত্তিক এআই মডেল ব্যবহারের অনুমতি রয়েছে। আয়োজকেরা প্রাথমিকভাবে ১০টি পাণ্ডুলিপি বাছাই করবেন। ডিসেম্বরের শুরুতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিচারকমণ্ডলীতে পাঁচ থেকে ছয়জন লেখক, সাহিত্য সমালোচক, সাংবাদিক, দার্শনিক ও প্রকাশক থাকবেন। নভেম্বরের শুরুতে বিচারকদের নাম প্রকাশ করার কথা রয়েছে।
ফরাসি গণিতবিদ, দার্শনিক ও উদ্ভাবক ব্লেইজ পাসকালের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। প্রাথমিক যান্ত্রিক গণনাযন্ত্রগুলোর একটি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ধর্মতত্ত্ব ও দর্শন নিয়েও তাঁর উল্লেখযোগ্য কাজ রয়েছে। তাঁর বিখ্যাত গ্রন্থ ‘পঁসে’ (Pensées)-এর দার্শনিক গভীরতা ও সাহিত্যিক সৌন্দর্যের প্রশংসা করেছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস।
পুরস্কারের নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতায় জমা দেওয়া লেখা অবশ্যই কথাসাহিত্য হতে হবে। তবে শুধু গল্প বা উপন্যাস লিখলেই হবে না। লেখাটির মাধ্যমে মানবতার জন্য হুমকি হয়ে ওঠা কোনো নৈতিক, সামাজিক বা পরিবেশগত সমস্যার সমাধানে অবদান রাখার বিষয়টিও বিবেচনা করা হবে।
এই পুরস্কার প্রতিষ্ঠা করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ফিলিপ রদ্রিগেজ, আলবিন সার্ভিয়াঁ ও জিল মন্ত্রে। রদ্রিগেজ একীভূতকরণ ও অধিগ্রহণবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান আভোলটার প্রতিষ্ঠাতা অংশীদার। ইউরোপের ক্রিপ্টো ও ব্লকচেইন খাতেও তিনি পরিচিত। সার্ভিয়াঁ একজন ডিজিটাল মিডিয়া উদ্যোক্তা এবং এলজিবিটিকিউ+ সাময়িকী ‘তেতু’র সাবেক চেয়ারম্যান। অন্যদিকে, মন্ত্রে সাবেক সরকারি কর্মকর্তা এবং দর্শনে পিএইচডিধারী। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও প্যারিসের প্যানথিয়ন-সরবোন বিশ্ববিদ্যালয়ে পড়ান। অনলাইনে ভোট দেওয়ার প্ল্যাটফর্ম ইলেক্টিসের সহপ্রতিষ্ঠাতাও তিনি।
চলতি বছর কয়েকটি সাহিত্য পুরস্কারে এআইয়ের ব্যবহার নিয়ে বিতর্কের মধ্যেই নতুন এই পুরস্কার চালু হলো। কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ, কেইন প্রাইজ এবং ফ্রান্সের মর্যাদাপূর্ণ প্রি গোঁকুর পুরস্কারের চূড়ান্ত পর্বের লেখক বা বিজয়ীদের সাহিত্যকর্ম তৈরিতে এআই ব্যবহার করা হয়েছিল কি না, তা নিয়ে আলোচনা ও বিতর্ক হয়েছে।
এমন প্রেক্ষাপটে এআইয়ের সহায়তায় লেখা সাহিত্যকর্মকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে প্রি পাসকালকে। তবে প্রতিযোগীদের লেখালেখিতে এআই ব্যবহারের বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। এ শর্ত সাহিত্য সৃষ্টিতে প্রযুক্তির ভূমিকা এবং সৃজনশীলতার স্বচ্ছতা নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করতে পারে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- মাদকবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- রোববার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ