ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

বর্তমান সময়ে অপরাধের হার সবচেয়ে কম: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ জুন ২২ ১৮:৫৪:১৮

বর্তমান সময়ে অপরাধের হার সবচেয়ে কম: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, বস্তুনিষ্ঠ তথ্য ও মাসিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারসহ অতীতের যেকোনো সরকারের সময়ের তুলনায় বর্তমানে সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কম। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (২২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া ‘মাফিয়াচক্র আওয়ামী লীগের’ কিছু অপতৎপরতা সরকারের নজরে এসেছে। বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশের মাধ্যমে তারা জনমনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে দেশের সব আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর মেট্রোপলিটন এলাকা এবং ফরিদপুর ও গোপালগঞ্জ—এই ছয় জেলায় সোমবার থেকে ৩০ জুন পর্যন্ত সেনা মোতায়েন করা হয়েছে।

পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে আস্থা বা অনাস্থার কোনো প্রশ্ন নেই। তাঁর দাবি, পুলিশ বাহিনী বহু কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করেছে। প্রয়োজন অনুযায়ী পুলিশকে সহায়তা করতে বিজিবি বা সেনাবাহিনী মোতায়েন করা একটি নিয়মিত আইনি প্রক্রিয়া।

তিনি আরও বলেন, গত ১৫ জুন প্রায় দেড় বছর মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পর সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়েছিল। তবে বর্তমান বিশেষ পরিস্থিতিতে কেবল নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত পরিসরে সেনা মোতায়েন করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৩ আসনের এক সংসদ সদস্যের ছেলেকে জিজ্ঞাসাবাদের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। সংসদ সদস্য কিংবা সাধারণ নাগরিক-কেউ আইনের ঊর্ধ্বে নন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ১১ দলীয় রাজনৈতিক জোটের সমাবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর সমাবেশ গণতন্ত্রের বিকাশেরই বহিঃপ্রকাশ। তারা জনগণের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরার পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। একইভাবে সরকারও জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরবে বলে জানান তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

ফের স্বর্ণের দাম বাড়ল (২২ জুন)

ফের স্বর্ণের দাম বাড়ল (২২ জুন)

নিজস্ব প্রতিবেদক: টানা দুই দফা মূল্য হ্রাসের পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।... বিস্তারিত