ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া–চীন সফরে ব্রিফিং পররাষ্ট্রসচিবের, ১৫–১৭ স্মারক সইয়ের সম্ভাবনা

২০২৬ জুন ২০ ১৬:১৬:৪৫

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া–চীন সফরে ব্রিফিং পররাষ্ট্রসচিবের, ১৫–১৭ স্মারক সইয়ের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রোববার দুপুরে ঢাকা থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে রাষ্ট্রীয় সফরে রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দুই দিনের এই সফরে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়া সফর শেষে ২২ জুন রাতে কুয়ালালামপুর থেকে তিনি চীনের বন্দরনগরী দালিয়ানে যাত্রা করবেন।

শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রীর এবারের সফর ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া এবং ২৩ থেকে ২৬ জুন চীন সফরকে ঘিরে সাজানো হয়েছে। তিনি আরও জানান, বেইজিং সফরে সফরসঙ্গীর সংখ্যা ২৮ জনের মধ্যে সীমিত রাখা হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রেই তা যৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে।

মালয়েশিয়া সফরের কর্মসূচি নিয়ে পররাষ্ট্রসচিব বলেন, ২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

তিনি আরও জানান, মালয়েশিয়ায় নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানে বাংলাদেশের যোগদান এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির সহযোগিতা চাওয়া হবে। পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুটি দলিল সইয়ের সম্ভাবনাও রয়েছে।

চীন সফর নিয়ে পররাষ্ট্রসচিব জানান, সেখানে ১৫ থেকে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ), চুক্তি, কর্মপরিকল্পনা ও প্রটোকল সই হতে পারে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ১৩টি এমওইউ, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রটোকল।

সফরের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, মালয়েশিয়া থেকে ২২ জুন সন্ধ্যায় দালিয়ানে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পরদিন ২৩ জুন তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইওর সঙ্গে বৈঠক করবেন। একই দিনে সামার দাভোস সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

ডব্লিউইএফ সম্মেলনের একটি অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। একইদিন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত নৈশভোজেও তিনি অংশ নেবেন।

২৪ জুন তিনি সামার দাভোসের মূল উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন, যার এবারের প্রতিপাদ্য ‘ইনোভেটিং অ্যাট স্কিল’। ওই দিন দুপুরে তিনি বেইজিংয়ের উদ্দেশে রওনা দেবেন এবং সেখানে রাষ্ট্রীয় অতিথি ভবনে অবস্থান করবেন।

২৫ জুন তারেক রহমান চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে পৃথক বৈঠক করবেন। একই দিনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ বক্তব্য রাখবেন তিনি। সেখানে চীনা ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হবে।

বিকেলে গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতার দিক নিয়ে আলোচনা হবে।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পরে চীনের প্রধানমন্ত্রী আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন তিনি।

২৬ জুন ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লেজির সঙ্গে সাক্ষাৎ এবং পরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

ওই দিন বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। সফর শেষে একই দিন বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্রসচিব আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি চীনের বেসরকারি খাতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং একটি নির্দিষ্ট অর্থনৈতিক অঞ্চল গঠনের কাজও এগিয়ে চলছে বলে তিনি উল্লেখ করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল ভিত্তি: প্রধানমন্ত্রী

শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল ভিত্তি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতি গঠনের ভিত্তি মজবুত করতে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক... বিস্তারিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২০ জুন)

আজকের বাজারে স্বর্ণের দাম (২০ জুন)

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে ক্রেতাদের জন্য স্বস্তির খবর এসেছে। টানা দুই দফা মূল্যবৃদ্ধি এবং এক দফা ভ্যাট সমন্বয়ের পর এবার... বিস্তারিত